বগুড়ার সড়ক দুর্ঘটনায় আহত আরও ২ জনের মৃত্যু

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত আরও দুজনের মৃত্যু হয়েছে। নিহত মশিউর রহমান ও বিলকিস বেগম সম্পর্কে স্বামী-স্ত্রী।
শুক্রবার রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- মশিউর রহমান (৩৫), তাঁর স্ত্রী বিলকিস বেগম (৩০), ফেন্সি বেগম (৪০) ও বাসচালক সুজন মিয়া (৩০)। দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই পোশাকশ্রমিক। ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরছিলেন তারা।
শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা ব্রিজ নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে কালিয়াকৈর পরিবহনের একটি যাত্রীবাস ও নওগাঁ ট্রাভেলস নামের আরেকটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত উভয় বাসের আরো ১০ যাত্রী বগুড়ায় শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে যাত্রী মশিউর রহমান ও তাঁর স্ত্রী বিলকিস বেগম শুক্রবার রাতে মারা গেছেন।
শনিবার সকাল ১১ টার দিকে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনামএ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এসএ




