বিকেলে বিয়ে, রাতেই নবদম্পতির রহস্যজনক মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে ভালোবেসে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে বিয়ে করেন সবুজ মিয়া ও মার্জিয়া জান্নাত। কিন্তু বিয়ের কয়েক ঘণ্টার ব্যবধানে আত্মহত্যা করেন এই নবদম্পতি।
সবুজ (২১) দামগারা কারিগর পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে এবং মার্জিয়া (১৮) মাসিমপুর চালুঞ্জা আব্দুর রাজ্জাকের মেয়ে।
সোমবার রাতে শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দামগারা কারিগর পাড়া ও মাসিমপুর চালুঞ্জা তালুকদার পাড়ায় নিজ নিজ বাড়িতে আত্মহত্যা করেন দুজন।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে সোমবার বিকেলে দু’জনে কাজী অফিসে গিয়ে বিয়ে করেন। মার্জিয়ার পরিবার বিষয়টি জানতে পেরে সন্ধ্যায় সেখান থেকে জোর করে মেয়েকে নিজেদের বাড়িতে নিয়ে যায়।
রাত ১০টার দিকে নবদম্পতি মোবাইল ফোনে কথা বলেন। এর একপর্যায়ে স্বামীকে লাইনে রেখে বিষপান করেন মার্জিয়া। ফোনের অপর প্রান্ত থেকে বিষয়টি বুঝতে পেরে দড়ি দিয়ে গলায় ফাঁস দেন সবুজ।
রাত ১২টার দিকে উভয় পরিবারের লোকজন বিষয়টি জেনে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই দু’জনের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এসএ