বগুড়ায় স্কুলছাত্রের রহস্যজনক আত্মহত্যা

বগুড়ার শিবগঞ্জে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্র। তবে আত্মহত্যার কোন কারণ জানতে পারেনি পুলিশ।
নিহত স্কুলছাত্র আহসান হাবিব হিরু (১৬) গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
বুধবার রাতে উপজেলার মহাস্থানগড় বানারশি গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, হিরু শিবগঞ্জ থানাধীন মহাস্থান বানারশি গ্রামে মা ও দাদির সঙ্গে বসবাস করত। তার বাবার নাম আব্দুল হান্নান প্রাং। তবে তার বাবা অন্যত্র কারেক বিয়ে করে ঢাকায় বসবাস করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানায়, বুধবার ইফতারের পূর্বমুহূর্তে নিহত হিরুর মার সাথে সামান্য কথা কাটাকাটি হয়। পরে সে নিজ ঘরের দরজা বন্ধ করে চাদর পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরিবারের সদস্যরা পরে ইফতারির জন্য ডাকাডাকি করলে তার কোনো সাড়া না পেলে ঘরের বিপরীত একটি দরজা খুলে দেখতে পায় তার ঝুলন্ত দেহ।
দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএ


