প্রধান খবরশিবগঞ্জ উপজেলা

বগুড়ায় ট্রাক শ্রমিক নেতা শহিদুল হত্যা: মূল আসামী গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জের ট্রাক শ্রমিক নেতা শহিদুলকে হত্যায় মূল আসামীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তার ৫৯ বছরের ইয়াকুব আলী উপজেলার কিচক এলাকার বাসিন্দা এবং ওই বাজারের শ্রমিক ইউনিয়নের সভাপতি।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাকে আদালতে পাঠানো হবে। এর আগে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে শিবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে সিআইডি পুলিশের পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা আব্দুল হান্নান জানান, উপজেলার কিচক বাজারে ট্রাক শ্রমিকদের টাকা পয়সার ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব চলছিল। নিজেদের কর্তৃত্ব বৃদ্ধির জন্য শহিদুলকে সরিয়ে তার স্থলে মুসলিম নামে আরেক ব্যক্তিকে বসাতে চেয়েছিলেন ইয়াকুব আলী খা ও আবু সাঈদ। এর জেরে তাকে ছুরিকাঘাতে খুন করা হয়। এই হত্যাকাণ্ডের নির্দেশদাতাই ছিলেন ইয়াকুব আলী। আর চাকু মারেন সাঈদ।

তদন্ত কর্মকর্তা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াকুব বিষয়টি স্বীকার করেছেন।

পরিদর্শক আব্দুল হান্নান বলেন, এ হত্যা মামলায় ইয়াকুব আলীকে নিয়ে এখন পর্যন্ত চারজন আসামী গ্রেপ্তার রয়েছে পুলিশের কাছে। ইয়াকুব আলীও ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিন শেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

২৪ ফেব্রুয়ারি কিচক বাজারে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

ওই ঘটনায় ২৬ ফেব্রুয়ারি নিহতের বড় ভাই আনিছুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button