
প্রাণী প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। মানুষের জীবন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণীদের ভূমিকা অপরিসীম। প্রাণীদের অধিকার রক্ষা, কল্যাণ এবং তাদের প্রতি মানুষের সদয় আচরণের বার্তা নিয়ে প্রতিবছর ৪ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব প্রাণী দিবস।
১৯২৫ সালের ২৪ মার্চ জার্মানির বার্লিনে প্রথমবারের মতো দিবসটি পালন করেন জার্মান লেখক হেনরিক জিম্মারমেন।
এরপর ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্স শহরে পরিবেশ বিজ্ঞানীদের এক সম্মেলনে ৪ অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়।
দিবসটি পালনের অন্যতম লক্ষ্য হলো প্রাণীদের কল্যাণ ও অধিকার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। পাশাপাশি প্রাণীদের প্রতি সহানুভূতিশীল ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সারা বিশ্বে দিবসটি পালন করে যুক্তরাজ্যভিত্তিক ‘ন্যাচার ওয়াচ ফাউন্ডেশন’। এ ছাড়া বিভিন্ন দেশে প্রাণী কল্যাণমূলক সংস্থাগুলো নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব প্রাণী দিবস পালন করে থাকে।
