খেলাধুলা

বার্সেলোনার সব রেকর্ড মেসির

জাভি হার্নান্দেজের পাশে বসলেন লিওনেল মেসি। কাতালান ক্লাবটির জার্সি গায়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার জাভি’র রেকর্ডে ভাগ বসালেন ক্ষুদে জাদুকর।

ন্যূ ক্যাম্পে হুয়েস্কার বিপক্ষে প্রথম একাদশে সুযোগ পেয়েই রেকর্ডটা স্পর্শ করেন মেসি। বার্সেলোনার হয়ে এটি তার ৭৬৭তম ম্যাচ। আগামী সুপার সানডের রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে একাদশে থাকলে, রেকর্ডটা থেকে জাভির নাম মুছে, নিজের নাম একক ভাবে লিখবেন লিও।

২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনার অ্যাকাডেমিতে আসেন লিওনেল মেসি। এরপর ৪ বছর যেতে না যেতেই, মূল দলে অভিষেক হয় তার।

এরপর থেকে বার্সেলোনার যা কিছু সাফল্য তার সবকিছুতেই জড়িয়ে আছে আর্জেন্টাইন সুপারস্টারের নাম। ক্লাব ইতিহাসের সবচেয়ে বেশি গোল, সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ডগুলোতেও মেসির জয়জয়কার। রদ্রিগেজ কিংবা ইনিয়েস্তারা এখন সেখানে কেবল দর্শক।

শুধু কি তাই! ক্লাব জার্সি গায়ে যে কোন টুর্নামেন্টে সবচেয়ে বেশি অ্যাসিস্টেও আছে লিও’র নাম। আর হ্যাটট্রিক কিংবা মৌসুমের সর্বোচ্চ গোল এসব তো অনেক আগে থেকেই আছে মেসির নামে।

এদিকে, বার্সার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলায় মেসির প্রতি সন্মান জানিয়ে মেসির আইকনিক সেলিব্রেশন কপি করে স্পেশাল এই রেকর্ডের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন বার্সার সাবেক খেলোয়াড়রা। যার মধ্যে ছিলেন স্বয়ং জাভি হার্নান্দেজ নিজেও। এছাড়া তার সাবেক সতীর্থ নেইমার জুনিয়র এবং লুইস সুয়ারেজরাও ছবি পোস্ট করেছেন মেসিকে উইশ করে। অভিনন্দন জানিয়েছেন বার্সা কিংবদন্তি কার্লোস পুয়োল।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button