আজকের দিনেই পৃথিবীতে এসেছিলেন বিরাট কোহলি

বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় তারকা বিরাট কোহলির জন্মদিন আজ। ভারতের সাবেক অধিনায়ক চৌত্রিশ পূর্ণ করে পা রাখলেন পঁয়ত্রিশে। জন্মদিনে যিনি ভাসছেন অভিনন্দনের জোয়ারে।
১৯৮৮ সালের ৫ নভেম্বর জন্ম কোহলির।আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ২০০৮ সালে। এরপর খুব কম সময়ের মধ্যে নিজেকে বিশ্ব সেরাদের কাতারে নিয়ে যান তিনি। হয়ে ওঠেন সময়ের সেরা ব্যাটার।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও কোহলি আছেন দারুণ ছন্দে। চার ম্যাচে তিন ফিফটিতে এখন পর্যন্ত ২২০ রান তার। সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে তার অবস্থান।
ব্যাট যেহেতু হাসছে, কোহলির জন্মদিনটা একটু বেশিই আনন্দময় হওয়া স্বাভাবিক। বিশেষ করে গেল কিছুদিন যখন খুব বাজে সময় গেছে তার।
২০০৮ সালে ভারতের জার্সি পরার আগেই কোহলির নাম ছড়িয়ে পড়ে ক্রিকেট মহলে।অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে শিরোপা উপহার দিয়েছিলেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা তার ভালো হয়নি।
শ্রীলঙ্কার বিপক্ষে জীবনের প্রথম সিরিজ ৫ ম্যাচে মাত্র ১৫৯ রান করে ছিলেন। তাই বাদ পড়তে হয়েছিল। ভারতে বহু ক্রিকেটার আছেন, যাদের একটি সিরিজ খেলে বিদায় নিতে হয়েছে। সাবেক হয়ে যেতে হয়েছে। কিন্তু কোহলির গল্পটা যে ভিন্ন তা তো জানা হয়ে গেছে সবারই।
কোহলি জানতেন তাকে খেলতে হবে। তিনি যে তার বাবাকে কথা দিয়েছিলেন। ২০০৬ সালে বাবার মৃত্যুর পর যে ছেলে দিল্লির হয়ে রঞ্জি খেলতে নেমে পড়তে পাড়েন, সে সহজে কোনো কিছুতে হাল ছাড়বেন কেন! তাই কোহলি ফিরলেন, এক বছরের মধ্যেই ফিরলেন।
এর পর একে একে মাইলফলক টপকানো শুরু। ইডেনে জীবনের প্রথম আন্তর্জাতিক শতরান দিয়ে যে দৌড় শুরু করেছিলেন, তা এখনও চলছে। ৭১টি সেঞ্চুরি হয়ে গেছে। তিন ফরম্যাটেই রয়েছে সেঞ্চুরি। নামের পাশে ১০২টি টেস্ট, ২৬২টি ওয়ানডে এবং ১১৩টি টি-টোয়েন্টি ম্যাচ। টেস্টে রান ৮০৭৪, ওয়ানডেতে ১২৩৪৪ এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৯৩২ রান।
অনেক আগে থেকেই কোহলির তুলনা টানা শুরু হয়েছে শচীন টেন্ডুলকার, ডন ব্র্যাডম্যানের সঙ্গে। মনে করা হয় শচীনের সর্বাধিক সেঞ্চুরির কীর্তি ভাঙতে পারেন শুধু কোহলিই। শচীনই যেমন বলেছিলেন, ‘কোহলির ব্যাটিং দেখা আনন্দের। ও আমার রেকর্ড ভেঙে দিতে পারে। ’
তবে কিছুদিন আগে যখন রান পাচ্ছিলেন না, কোহলিকে তখন অনেক কিছুর মধ্যেই যেতে হয়েছে। তিন ফরম্যাটে তিনি নেতৃত্বও হারিয়েছেন। এক পর্যায়ে দল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গও এসেছে। তবে কোহলি সরে যাননি নিজের লক্ষ্য থেকে।
কোহলিরা ফিরতে জানেন। আর বড় খেলোয়াড়রা তো নিজেদের জাত চেনান বড় মঞ্চেই। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেই তাই নিজেকে নতুন রূপে মেলে ধরেছেন কোহলি।



