খেলাধুলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় আকবরিয়া গ্রুপ ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং আকবরিয়া গ্রুপের পৃষ্ঠপোষকতায় আজ মঙ্গলবার সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান।

সকাল ৯টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও আকবরিয়া গ্রুপের স্বত্বাধিকারী হাসান আলী আলাল,ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক খালেদ মাহমুদ রুবেল,অ্যাডহক কমিটির সদস্য মমিনুর রশিদ শাহিন,ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল,বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল ও সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন,ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমীর পরিচালক সাহেদুল ইসলাম রবি প্রমুখ।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় শহীদ আবু সাঈদ একাদশ বনাম শহীদ মীর মুগ্ধ একাদশ। ৫০ ওভারের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে শহীদ মীর মুগ্ধ একাদশ।

টুর্নামেন্টে বগুড়া জেলার বয়সভিত্তিক নির্বাচিত ৬০ জন খেলোয়াড়কে নিয়ে গঠিত চারটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো-
১. শহীদ আবু সাঈদ একাদশ
২. শহীদ মীর মুগ্ধ একাদশ
৩. শহীদ ইয়ামিন একাদশ
৪. শহীদ ওয়াসিম একাদশ।

জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও আকবরিয়া গ্রুপের স্বত্বাধিকারী হাসান আলী আলাল বলেন, বয়সভিত্তিক খেলাধুলা জেলার প্রতিভাবান খেলোয়াড়দের তুলে ধরে, তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ায়। স্থানীয় তরুণরা মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে স্বাস্থ্যকর বিনোদনে যুক্ত হয়। একই সঙ্গে জেলা পর্যায়ে ভবিষ্যৎ তারকা তৈরির পথ সুগম হয় এবং ক্রীড়ার সার্বিক উন্নয়ন ঘটে।

এই বিভাগের অন্য খবর

Back to top button