
দিদিয়ের দেশমের দায়িত্ব ছাড়ার পর ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে চুক্তিতে সই করেছেন জিনেদিন জিদান। ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এ তথ্য নিশ্চিত করেছেন।
রোমানোর দাবি, গত বছরের নভেম্বর থেকেই জিদান ও ফ্রান্স ফুটবল ফেডারেশনের মধ্যে মৌখিক সমঝোতা ছিল। অবশেষে সেই সমঝোতা আনুষ্ঠানিক চুক্তিতে রূপ নিয়েছে। দীর্ঘমেয়াদি এ চুক্তির মেয়াদ ২০৩০ সালের জুন পর্যন্ত।
তিনি আরও জানান, আগামী কয়েক দিনের মধ্যেই জিদানকে আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের নতুন প্রধান কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে। এরপরই তিনি জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করবেন।
রিয়াল মাদ্রিদের সাবেক সফল কোচ জিদান এবার আন্তর্জাতিক ফুটবলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। খেলোয়াড় হিসেবে তিনি ফ্রান্সকে ১৯৯৮ সালের বিশ্বকাপ ও ২০০০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরে কোচ হিসেবে রিয়াল মাদ্রিদকে টানা তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়ে ইতিহাস গড়েন।
রিয়াল মাদ্রিদ ছাড়ার পর কয়েক বছর কোচিং থেকে দূরে থাকলেও বিভিন্ন সময় ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার গুঞ্জন শোনা গেছে। সেই জল্পনার অবসান ঘটিয়ে এবার জাতীয় দলের ডাগআউটে বসতে যাচ্ছেন ফরাসি এই কিংবদন্তি। যদিও ফ্রান্স ফুটবল ফেডারেশনের আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।
তথ্যসূত্র: যুগান্তর