ক্রিকেট
প্রধান খবর

আরও একবার ভারত বাধা, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হারে শুরু বাংলাদেশের

আরও একবার প্রতিপক্ষ ভারত, আরও একবার তীরে এসে তরি ডুবি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ভারতের কাছে ১৮ রানে হেরে গেছে বাংলাদেশ। ফলে বৃথা গেল আল ফাহাদের ফাইফার আর অধিনায়ক আজিজুল হাকিম তামিমের লড়াকু অর্ধশতক।

জিম্বাবুয়ের বুলাওয়েতে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ভারত ৪৯ ওভারে ২৩৮ রান তোলে। বৃষ্টির কারণে সংশোধিত লক্ষ্যে ২৯ ওভারে ১৬৫ রান করতে নেমে বাংলাদেশ থামে ২৮.৩ ওভারে ১৪৬ রানে।

বোলারদের নৈপুণ্যে লড়াকু পুঁজি আটকে ভারত

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের চেপে ধরেন টাইগার বোলাররা। আল ফাহাদের আগুনে স্পেলে দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রে ও বেদান্ত ত্রিবেদীকে ফিরিয়ে শুরুটা রাঙান আল ফাহাদ। এরপর বৈভব সূর্যবংশী একাই ইনিংস টানার চেষ্টা করেন। ৩০ বলে ফিফটি করলেও বাংলাদেশি বোলারদের চাপে পরের ৩৭ বলে মাত্র ২২ রান যোগ করতে পারেন তিনি।

শেষ পর্যন্ত ৬৭ বলে ৭২ রান করে ফেরেন বৈভব। ৯.২ ওভারে মাত্র ৩৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন আল ফাহাদ। এছাড়া দুটি করে উইকেট নেন ইকবাল হোসেন ইমন ও আজিজুল হাকিম তামিম। ২৩৮ রানেই থামে ভারত অনূর্ধ্ব-১৯ দল

বৃষ্টির ধাক্কায় কঠিন হয়ে যায় লক্ষ্য

২৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জাওয়াদ আবরারকে হারায় বাংলাদেশ। এরপর রিফাত বেগ ও অধিনায়ক তামিমের ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। ৩৭ বলে ৩৭ রান করে রিফাত আউট হলে ক্রিজে আসেন কালাম সিদ্দিকি।

১৮তম ওভারে আবার নামে বৃষ্টি। ৬৪ মিনিট খেলা বন্ধ থাকার পর ম্যাচ নেমে আসে ২৯ ওভারে, লক্ষ্য দাঁড়ায় ১৬৫ রান।

তামিমের ফিফটিও কাজে এলো না

সংশোধিত লক্ষ্যে খেলতে গিয়ে শেষদিকে ছন্দ হারায় বাংলাদেশ। অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৭২ বলে ৫১ রানের ইনিংস খেললেও অন্য প্রান্তে কেউ দাঁড়াতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৮.৩ ওভারে ১৪৬ রানেই গুটিয়ে যায় ইনিংস।

ভারতের হয়ে বিধ্বংসী বোলিং করেন বিহান মালহোত্রা। মাত্র ৪ ওভারে ১৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি।

বিশ্বকাপ মিশনে হোঁচট বাংলাদেশের

এই জয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু করল ভারত। অন্যদিকে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেও প্রথম ম্যাচে হারের হতাশা নিয়েই পরবর্তী ম্যাচের অপেক্ষায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

এই বিভাগের অন্য খবর

Back to top button