
ব্যাট হাতে লড়াকু সংগ্রহ গড়লেও বল হাতে একেবারেই নিষ্প্রভ ছিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি তারা। ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের আশি ঊর্ধ্ব অপরাজিত ইনিংসে হেসেখেলেই জয় তুলে নেয় কিউইরা। এই জুটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েছে নিউজিল্যান্ড।
চেন্নাইয়ে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ‘ডি’ গ্রুপের ম্যাচে ইউএইকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা। সেইফার্ট ও অ্যালেনের ১৭৫ রানের অপরাজিত জুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ।
এর আগে ২০২২ আসরের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও জশ বাটলার ওপেনিংয়ে ১৭০ রানের অপরাজিত জুটি গড়েছিলেন।
আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এবারের আসর শুরু করেছিল ব্ল্যাক ক্যাপসরা। একদিন আগেই চেন্নাইয়ের একই মাঠে আফগানদের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে ১৮৩ রানের লক্ষ্য ৫ উইকেট হারিয়ে ১৩ বল হাতে রেখেই পেরিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। সে তুলনায় ইউএই’র বিপক্ষে লক্ষ্যটা খুব একটা চ্যালেঞ্জিং ছিল না। ব্যাট করতে নেমে কিউইরা ‘চ্যালেঞ্জ’ শব্দটির অস্তিত্বই রাখেনি।
দুই ওপেনারই একেবারে হেসেখেলেই দলের জয় নিশ্চিত করেন। যদিও লক্ষ্যটা আর একটু বড় হলে দুজনেরই সেঞ্চুরি হাঁকানোর সুযোগ ছিল। টিম সেইফার্ট ৪২ বলে ১২ চার ও ৩ ছক্কায় ৮৯ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে ফিন অ্যালেন ৫০ বলে ৫ ছক্কা ও ৫ চারের সাহায্যে ৮৪ রানে অপরাজিত থাকেন।
বল হাতে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ম্যাট হেনরি, খরচ করেন ৩৭ রান। এ ছাড়া জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস নেন একটি করে উইকেট।
টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে নিউজিল্যান্ড। সুপার এইটের পথে এক পা দিয়ে রেখেছে তারা। অন্যদিকে হার দিয়েই এবারের আসর শুরু করলো সংযুক্ত আরব আমিরাত।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ইউএই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে। অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ৪৫ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৬৬ রানে অপরাজিত ছিলেন। আলিশান শারাফু ৪৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৫ রান করেন। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে ১০৭ রানের জুটি গড়েন। শেষদিকে মায়াঙ্ক কুমার ১৩ বলে ২ চার ও ১ ছক্কায় ২১ রান যোগ করেন। তবে দুই কিউই ওপেনারের দাপটে ইউএই ব্যাটারদের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যায়।
তথ্যসূত্র: সময় টিভি



