
ডালাসের দুঃস্বপ্ন আর ফিরল না কলম্বোতে। দুই বছর আগের তিক্ত স্মৃতি পেছনে ফেলে যুক্তরাষ্ট্রকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান। ৩২ রানের এই জয়ে সুপার এইটের পথে অনেকটাই এগিয়ে গেল সাবেক চ্যাম্পিয়নরা।
ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার মোহাম্মদ মহসিন আত্মবিশ্বাসের সুরে বলেছিলেন, পাকিস্তানই থাকবে চাপে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর স্মৃতি মনে করিয়েই মন্তব্য করেছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটার। তবে মাঠের খেলায় সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা যায়নি।
কলম্বোতে টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান করে ৯ উইকেটে ১৯০ রান। শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পাকিস্তানের ওপেনিং জুটি। প্রথম ৫ ওভারেই তারা তুলে নেয় ৫৪ রান।
যুক্তরাষ্ট্রের হয়ে পাকিস্তানকে ২০০’র নিচে আটকে রাখতে বড় ভূমিকা রাখেন শ্যাডলি ফন শালভিক। ষষ্ঠ ওভারে জোড়া আঘাতে পাকিস্তানের রানের গতি কিছুটা কমিয়ে দেন এই মিডিয়াম পেসার। ওই ওভারের প্রথম বলেই ১৭ বলে ১৯ রান করা সাইম আইয়ুবকে আউট করেন তিনি, শেষ বলে ফেরান পাকিস্তানের অধিনায়ক সালমান আগাকে (১ রান)।
এই ধাক্কা সামলে পাকিস্তানকে এগিয়ে নেন সাহিবজাদা ফারহান। এক প্রান্তে বাবর আজম ধরে খেললেও অন্য প্রান্তে মারমুখী ছিলেন ফারহান। তিনি ২৭ বলে ফিফটি পূর্ণ করেন। বাবরের সঙ্গে তাঁর ৫২ বলে ৮২ রানের জুটি গড়ে ওঠে।
শেষ পর্যন্ত বাবর আজম ৩২ বলে ৪৬ রান করে আউট হন। ফারহান থামেন ৪১ বলে ৭৩ রান করে। এরপর শাদাব খান ১২ বলে ঝড়ো ৩০ রান করে পাকিস্তানকে ২০০’র পথে এগিয়ে নেন। তবে শেষদিকে ৪ বলের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ২০০ ছোঁয়া হয়নি। শালভিক শেষ পর্যন্ত ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলারদের একজন হন। ভারতের পর পাকিস্তানের বিপক্ষেও ৪ উইকেট পেলেন ৩৭ বছর বয়সী এই বোলার, খরচ করেন ২৫ রান।
১৯১ রানের লক্ষ্য তাড়ায় যুক্তরাষ্ট্র শুরুতে পাকিস্তানকে কিছুটা হলেও চাপে ফেলে। ওপেনিং জুটি ৪.৪ ওভারে ৪২ রান তোলে। তবে আন্দ্রিস গৌওসকে আউট করে সেই জুটি ভাঙেন মোহাম্মদ নেওয়াজ।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্র। একপ্রকার একাই লড়াই করেন শুভম রঞ্জানে। তিনি ৩০ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৫১ রান করেন। এছাড়া শায়ান ৪৯ ও মিলিন্দ ২৯ রান করেন। পুরো ইনিংসে যুক্তরাষ্ট্রের ১১ ব্যাটসম্যানের মধ্যে মাত্র চারজন দুই অঙ্কের রান করতে পারেন।
পাকিস্তানের হয়ে স্পিনার উসমান তারিক নেন ৩ উইকেট, শাদাব খান নেন ২ উইকেট। নির্ধারিত ২০ ওভারে যুক্তরাষ্ট্র থামে ৮ উইকেটে ১৫৮ রানে।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১৯০/৯
(সাহিবজাদা ফারহান ৭৩, বাবর আজম ৪৬, শাদাব খান ৩০; শালভিক ৪/২৫)
যুক্তরাষ্ট্র: ২০ ওভারে ১৫৮/৮
(শুভম রঞ্জানে ৫১, শায়ান ৪৯, মিলিন্দ ২৯; উসমান তারিক ৩/২৭, শাদাব খান ২/২৬)
ফল: পাকিস্তান ৩২ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: সাহিবজাদা ফারহান
তথ্যসূত্র: প্রথম আলো



