ক্রিকেট
প্রধান খবর

কলম্বোয় ভারত-পাকিস্তান: একপেশে লড়াইয়ে ভারতের জয়

আজকাল ইন্ডিয়া-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তবে কলম্বোয় এবারের মহারণে প্রতিদ্বন্দ্বিতা তেমন জমেনি। প্রায় ‘৬ হাজার কোটি টাকার ম্যাচ’ হিসেবে আলোচিত এই লড়াইয়ে পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ভারত।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান তোলে ভারত। ইনিংসের মূল চালিকাশক্তি ছিলেন ঈশান কিষান—৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এছাড়া সূর্যকুমার যাদব ৩২, শিবম দুবে ২৭ ও তিলক ভার্মা ২৫ রান যোগ করেন।

১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। দ্বিতীয় ওভারে যশপ্রীত বুমরা-র জোড়া আঘাতে স্কোর দাঁড়ায় ১৩/৩। ৩৪ রানে বাবর আজম ফিরলে ম্যাচ কার্যত হাতছাড়া হয়ে যায়। উসমান খান ৪৪ রান করে কিছুটা লড়াই করলেও ১৮ ওভারে ১১৪ রানে অলআউট হয় পাকিস্তান। শেষ উইকেটটি নেন হার্দিক পান্ডিয়া।

ভারতের হয়ে পান্ডিয়া, বুমরা, বরুণ ও অক্ষর-প্রত্যেকে ২টি করে উইকেট নেন। এই জয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৮–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে সুপার এইটে উঠেছে সূর্যকুমারের দল।

অন্যদিকে পাকিস্তানের সুপার এইটে ওঠা এখন নির্ভর করছে শেষ ম্যাচের ওপর। নামিবিয়ার কাছে হারলেই বিদায় নিতে হবে তাদের।

ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের বড় জয়, সবার আগে সুপার এইটে

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম-এ আগে ব্যাট করে ৮ উইকেটে ১৩৩ রান তোলে নেপাল। জবাবে ১৫.২ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।

৪৪ বলে ৬১ রান করেন শাই হোপ এবং ৩২ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন শিমরন হেটমেয়ার। দুজনের ৫৯ বলে ৯১ রানের জুটিতে ভর করেই ৯ উইকেটের বড় জয় পায় ক্যারিবীয়রা। বল হাতে ২৭ রানে ৪ উইকেট নেন জেসন হোল্ডার।

টানা তিন জয়ে ‘সি’ গ্রুপ থেকে সবার আগে সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। সমান ম্যাচে ইংল্যান্ডের ৪ পয়েন্ট, স্কটল্যান্ডের ২ পয়েন্ট। শেষ ম্যাচে ইতালির বিপক্ষে খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

চলতি দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ জমে উঠেছে সুপার এইটের লড়াই ঘিরে।

এই বিভাগের অন্য খবর

Back to top button