
কলম্বোতে নামিবিয়ার বিপক্ষে সহজ জয়েই টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।
টসে জিতে আগে ব্যাট করে অধিনায়ক সালমান আগার দল ২০ ওভারে তোলে ১৯৯ রান। ইনিংসের নায়ক সাহিবজাদা ফারহান। ২৯ বছর বয়সী এই ওপেনার ৫৭ বলে তুলে নেন আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তাঁর প্রথম সেঞ্চুরি। এটি টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরি-২০১৪ আসরে বাংলাদেশের বিপক্ষে আহমেদ শেহজাদর ৫৮ বলে করা সেঞ্চুরিকে ছাড়িয়ে গেলেন ফারহান।
সেঞ্চুরির পথে ফারহান হাঁকান ১১টি চার ও ৪টি ছক্কা। প্রথম ৩০ রান তুলতে খেলেন ২৭ বল, কিন্তু পরের ৭০ রান আসে মাত্র ৩১ বলে। শেষদিকে শাদাব ২২ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন, আর সালমান করেন ২৩ বলে ৩৮ রান।
২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নামিবিয়া জাতীয় ক্রিকেট দল কখনোই লড়াই জমাতে পারেনি। ৭.৩ ওভারে ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে গুটিয়ে যায় ৯৭ রানে।
বল হাতে পাকিস্তানের হয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেন রহস্য স্পিনার উসমান তারিক-১৬ রানে ৪ উইকেট। লেগ স্পিনার শাদাব খান নেন ১৯ রানে ৩ উইকেট।
১০২ রানের জয়ে পাকিস্তানের পয়েন্ট দাঁড়াল ৬। সুপার এইটে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। পাশাপাশি এই জয়ে ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণও নিশ্চিত হয়েছে পাকিস্তানের।
এবারের বিশ্বকাপে এটি তৃতীয় সেঞ্চুরি। এর আগে শতরান করেছেন শ্রীলঙ্কার পাতুম নিশাঙ্কা ও কানাডার যুবরাজ সিং সামরা। টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার এক আসরে তিনটি সেঞ্চুরি দেখা গেল। বর্তমানে টুর্নামেন্টে সর্বোচ্চ রানসংগ্রাহকও ফারহান (২২০ রান), দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম (১৭৮)।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১৯৯/৩ (ফারহান ১০০, সালমান ৩৮; ব্রাসেল ২/৪৮, ইরাসমাস ১/২৫)
নামিবিয়া: ১৭.৩ ওভারে ৯৭ (স্টিনক্যাম্প ২৩; তারিক ৪/১৬, শাদাব ৩/১৯)
ফল: পাকিস্তান ১০২ রানে জয়ী
ম্যাচসেরা: সাহিবজাদা ফারহান
তথ্যসূত্র: প্রথম আলো



