ক্রিকেট
প্রধান খবর

বগুড়ার চূড়ান্ত ১৪ সদস্যের জেলা দল ঘোষণা

ছোটদের পালা শেষ, এবার স্বপ্ন বড়দের। বয়সভিত্তিক ক্রিকেটে একের পর এক তিনটি শিরোপা জয়ের পর এবার বড় মঞ্চে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বগুড়া জেলা ক্রিকেট দল। ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ সামনে রেখে বাছাই শেষে বগুড়া জেলা দলের সেরা ১৪ জন খেলোয়াড় চূড়ান্ত করা হয়েছে।

বগুড়া জেলা দলের চূড়ান্ত স্কোয়াড হলো, জুবেরি,রেদোয়ান,রিফাত,আহাদ,রাজা,পাপ্পু,ইয়াসিন,ইলমান,তাসদিক,শফিক,আবির,মিথুন,আতিক ও শিশির।

আগামী ২০ তারিখ টাঙ্গাইল এ পর্দা উঠছে এই টুর্নামেন্টের। তার আগেই বগুড়ায় ইনডোরে আয়োজন করা হয় খেলোয়াড় বাছাই কার্যক্রম।

এবারের বাছাই প্রক্রিয়া ছিল কিছুটা ব্যতিক্রমী। খেলোয়াড়দের নেটে সময় দিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ দেওয়া হয়। পারফরম্যান্স বিশ্লেষণ করেই চূড়ান্ত দল নির্বাচন করেন নির্বাচকরা।

তবে দল গঠনের ক্ষেত্রে নির্বাচকদের পড়তে হয়েছে নানা রাজনৈতিক ও স্থানীয় চাপের মুখে। এ প্রসঙ্গে জেলা দলের নির্বাচক হাদিয়া জামান শিশির সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে হতাশার কথা তুলে ধরেন। তিনি লেখেন-

“বগুড়া জেলা ক্রিকেট দল কী রেজাল্ট করবে জানি না,
কিন্তু এবার নির্বাচক থাকার কারণে বগুড়ার ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কিছুটা হতাশ।
একের পর এক রিকুয়েস্ট, হুমকি ও রাজনৈতিক চাপের কারণে
নিজের মতের বিরুদ্ধে গিয়ে দল করতে হয়েছে।
এতে অনেক ভালো ক্রিকেটার দল থেকে বাদ পড়েছে।”

এর আগে তিনি বগুড়া লাইভ কে জানান, বছরজুড়ে নিয়মিত লিগ না থাকায় খেলোয়াড়দের সাম্প্রতিক পারফরম্যান্স মূল্যায়ন করাও কঠিন হয়ে পড়েছে।

গত আসরে টায়ার ২ থেকে ভালো ফল করে এবার টায়ার ১ এ উঠেছে বগুড়া। এখানে প্রতিপক্ষ আরও শক্তিশালী, চ্যালেঞ্জও বড়।

এই পর্বে বগুড়ার ম্যাচ সূচি ২২ তারিখ: কুষ্টিয়ার বিপক্ষে,২৬ তারিখ: বরিশালের বিপক্ষে ও ১ তারিখ: ফরিদপুরের বিপক্ষে

বগুড়া জেলা দলের কোচ রিফাত হাসান বলেন, যে দল আমাকে দেওয়া হয়েছে, সেই দল নিয়েই ভালো একটি ফল উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।

বয়সভিত্তিক ক্রিকেটে টানা সাফল্যের পর বড়দের মঞ্চে বগুড়া কী করতে পারে- সে দিকেই এখন তাকিয়ে জেলার ক্রীড়াপ্রেমীরা।
এখন দেখার পালা, ছোটদের পথ ধরে বড়রা জাতীয় ক্রিকেট অঙ্গনে কী উপহার দেয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button