
দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) বর্তমানে স্থবির হয়ে আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্লাবগুলোর মধ্যকার দীর্ঘদিনের বিরোধে লিগ আয়োজন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এ পরিস্থিতিতে দেশের ক্রিকেটের এই অচলাবস্থা নিয়ে মুখ খুলেছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
দ্য ডেইলি স্টারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, ক্রিকেট প্রশাসনে এখন মূলত ‘ক্ষমতা দখলের লড়াই’ চলছে, যেখানে খেলোয়াড়দের দাবার ঘুঁটির মতো ব্যবহার করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই অলরাউন্ডার দেশের ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের হতাশা প্রকাশ করে বলেন, এই সংকটে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন খেলোয়াড়রা।
সাকিব বলেন, “একটা জিনিস আমি বুঝি, এখানে একমাত্র ভুক্তভোগী হলো খেলোয়াড়রা। অন্য কেউ সাফার করছে না। খেলোয়াড়দের কষ্টটা বোঝার ইচ্ছা কারও আছে বলে আমার মনে হয় না। সবাই যার যার ক্ষমতা দখলের লড়াইয়ে ব্যস্ত এবং খেলোয়াড়দের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।”
লিগ বন্ধ থাকায় খেলোয়াড়দের অসহায় অবস্থার কথাও তুলে ধরেন তিনি। সাকিব বলেন, ক্লাবগুলোকে লিগে ফিরিয়ে আনতে না পারা বিসিবির একটি বড় ব্যর্থতা।
তার ভাষায়, “ক্লাব যদি খেলতে না চায়, বিসিবি কী করবে? বিসিবি তাদের ম্যানেজ করতে পারছে না, এটা বিসিবির ব্যর্থতা। খেলোয়াড়দের আসলে কিছু করার নেই। ধরেন আমি ক্লাবের মালিক, আমি বললাম খেলব না—এখন আপনি কী করবেন? আপনি বিসিবি হলে বড়জোর অনুরোধ করবেন।”
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে ডিপিএল না হওয়ার প্রভাব কতটা পড়তে পারে এমন প্রশ্নে বাস্তববাদী উত্তর দিয়েছেন সাকিব। তার মতে, প্রস্তুতির চেয়েও বড় সংকট তৈরি হবে খেলোয়াড়দের ব্যক্তিগত ও আর্থিক জীবনে।
তিনি বলেন, “১৫টি ম্যাচ খেলা একজন খেলোয়াড়ের অভিজ্ঞতার জন্য অনেক বড় বিষয়। ঢাকা লিগ বিশ্বকাপ প্রস্তুতিতে কতটা প্রভাব ফেলবে, তার চেয়েও বড় হলো প্রতিটি খেলোয়াড়ের জীবনে এর প্রভাব। তাদের ব্যক্তিগত ও আর্থিক জীবনের ওপর এর বড় প্রভাব পড়ে।”
বিসিবি ও ক্লাবগুলোর সম্পর্কের বর্তমান তিক্ততা সহজে কাটবে বলেও মনে করছেন না এই বাঁহাতি অলরাউন্ডার।
সাকিব বলেন, “এক হাতে তো তালি বাজে না, সব দিক থেকেই সমস্যা হচ্ছে। খেলা শুরুর আন্তরিকতা না থাকলে লিগ হওয়ার সুযোগ দেখি না। এখন সম্পর্কের জায়গা এমন অবস্থায় এসেছে যে সহজ পথে সমাধান হবে বলে মনে হয় না। আইনি পথে যদি হয়।”
দেশের ক্রিকেটের বর্তমান সংকট, রাজনীতিতে তার অবস্থান এবং দেশে ফেরার সম্ভাবনা নিয়েও খোলামেলা কথা বলেছেন সাকিব আল হাসান। তার পূর্ণাঙ্গ সাক্ষাৎকার সোমবার দ্য ডেইলি স্টারের প্রিন্ট ও অনলাইন সংস্করণে প্রকাশিত হবে।
সূত্র: ডেইলি স্টার



