ক্রিকেট
প্রধান খবর

বগুড়ায় জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ ‘এ’

দীর্ঘ দুই দশক পর আবারও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেটের আবহ। বাংলাদেশ ‘এ’ দল ও জিম্বাবুয়ে ‘এ’ দলের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী এই ভেন্যু।

সোমবার সকালে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে ‘এ’ দল। ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়লেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ‘এ’ দল। অধিনায়ক জাকির হাসানের দুর্দান্ত সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩৬৪ রানের বড় সংগ্রহ গড়ে স্বাগতিকরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের চাপে পড়ে জিম্বাবুয়ে ‘এ’ দল। নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তারা ২৭৯ রানেই অলআউট হয়ে যায়। ফলে ৮৫ রানের বড় জয় নিয়ে সিরিজে শুভসূচনা করে বাংলাদেশ ‘এ’ দল।

২০০৬ সালের ৫ ডিসেম্বর শহীদ চান্দু স্টেডিয়ামে সবশেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেবারও প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। দীর্ঘ ২০ বছর পর আবারও সেই জিম্বাবুয়েকে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলো বগুড়ার এই স্টেডিয়াম।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বগুড়ায়। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ১০ জুন একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

জৈষ্ঠ্যের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়া উপেক্ষা করে বগুড়াসহ আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে দর্শকরা স্টেডিয়ামে ভিড় করেন। দীর্ঘদিন পর শহীদ চান্দুর গ্যালারিতে আন্তর্জাতিক ম্যাচ দেখতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রিকেটপ্রেমীরা।

তবে গ্যালারিতে পর্যাপ্ত ছাউনি না থাকায় দর্শকদের ভোগান্তির অভিযোগও ছিল। অনেকেই দ্রুত স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান। পাশাপাশি জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ ও বিপিএলের আয়োজনও আবার বগুড়ায় ফিরিয়ে আনার দাবি তোলেন তারা।

এক সময় জাতীয় দলের নিয়মিত ভেন্যু ছিল শহীদ চান্দু স্টেডিয়াম। দীর্ঘ বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটের আবহ ফিরলেও এখন উত্তরাঞ্চলের ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা- কবে আবার এই মাঠে ফিরবে জাতীয় দলের বড় ম্যাচের উন্মাদনা।

এই বিভাগের অন্য খবর

Back to top button