
২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ৮.৪ ওভারে ২ উইকেটে মাত্র ৩৮ রান তুলে ফেলে সফরকারীরা। ওপেনার সৌম্য সরকার ৫ এবং তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত ৯ রান করে ফিরে যান।
এরপর তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয় তৃতীয় উইকেটে ৮৪ রানের জুটি গড়ে দলের আশা জাগান। তামিম ৭০ বলে ৫৭ এবং হৃদয় ৯০ বলে ৬০ রান করেন। পরে নুরুল হাসান সোহানের সঙ্গে হৃদয়ের ৪৭ রানের জুটিও বাংলাদেশকে লড়াইয়ে রাখে।
তবে হৃদয় ও মোসাদ্দেক হোসেনের দ্রুত বিদায়ের পর ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাংলাদেশ। শেষ দিকে মেহেদী হাসান মিরাজও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে বাংলাদেশের ইনিংস থামে লক্ষ্যের ১৪ রান দূরে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ৬ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করে। দলের হয়ে ওপেনার বেন কারেন ১৩৫ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেন। ইনিংসের শুরুতে ৪ রানে জীবন পান তিনি, যখন শরিফুল ইসলামের বলে কাভারে তার ক্যাচ ফেলে দেন তাওহীদ হৃদয়।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট নেন। নাহিদ রানা ও রিশাদ হোসেন শিকার করেন একটি করে উইকেট।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। এর ফলে ২০২২ সালের পর আবারও টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল স্বাগতিকরা।