এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার: দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণের বিষয়ে গণশুনানি আহ্বান করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ২৯ অক্টোবর রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহিদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল অডিটোরিয়ামে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।
বুধবার (১৪ অক্টোবর) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরকারি এলপিজির ভোক্তাপর্যায়ের মূল্যহার এবং বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ, ডিস্ট্রিবিউটর চার্জ ও রিটেইলার চার্জসহ ভোক্তাপর্যায়ে মূল্যহার পরিবর্তনের প্রস্তাবের ওপর গণশুনানি অনুষ্ঠিত হবে।
বিইআরসি জানায়, সরকারি এলপিজির ভোক্তাপর্যায়ের বিদ্যমান মূল্যহার পরিবর্তনের জন্য এলপি গ্যাস লিমিটেড (এলপিজিএল) প্রস্তাব দাখিল করেছে। অন্যদিকে, বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ, ডিস্ট্রিবিউটর চার্জ এবং রিটেইলার চার্জসহ ভোক্তাপর্যায়ের মূল্যহার পরিবর্তনের জন্য কয়েকটি বেসরকারি এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ লাইসেন্সি কমিশনে প্রস্তাব জমা দিয়েছে।
এ ছাড়া ডিস্ট্রিবিউটর চার্জ পরিবর্তনের জন্য কয়েকটি এলপিজি ডিস্ট্রিবিউটর লাইসেন্সি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ৩৪(৬) অনুযায়ী প্রস্তাব দাখিল করেছে। এসব প্রস্তাবের বিষয়ে আগ্রহী পক্ষগুলোর মতামত নিতে গণশুনানির আয়োজন করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাগুলোকে আগামী ২৭ অক্টোবরের মধ্যে গণশুনানির আগে লিখিত বক্তব্য বা মতামত কমিশনে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। একই সময়সীমার মধ্যে গণশুনানিতে অংশগ্রহণের জন্য কমিশনে নাম নিবন্ধন করতেও বলা হয়েছে।
এর আগে, গত ৪ অক্টোবর দেশের বাজারে এলপিজির দাম বাড়ায় বিইআরসি। সেদিন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক ধাপে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়। ওই দিন সন্ধ্যা থেকেই ভোক্তাপর্যায়ে নতুন দাম কার্যকর হয়।
এদিকে, গ্যাস সিলিন্ডারের দাম ও সরবরাহ নিয়ে হয়রানির প্রতিবাদে ডাকা দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করেছেন এলপিজি ব্যবসায়ীরা। বুধবার দুপুরে এলপিজি অপারেটরদের সংগঠন এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
এর আগে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
তথ্যসূত্র: আরটিভি


