ক্রিকেট
প্রধান খবর

”বগুড়া নয়, ও বাংলাদেশের ছেলে”- টেস্ট জয়ের পর তানজিদকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই টেস্টে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। গৌরবের এই জয়ে জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি ভিডিও কলে ক্রিকেটারদের সঙ্গে কথা বলে এই জয়ে দেশ ও জাতি কতটা আনন্দিত, তা জানান তিনি।

রোববার (১৬ আগস্ট) পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রাজধানী ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। পথে থাকতেই বাংলাদেশের ঐতিহাসিক জয়ের খবর পান তিনি। এরপরই ক্রিকেটারদের অভিনন্দন জানাতে ভিডিও কলে যুক্ত হন প্রধানমন্ত্রী।

ভিডিও কলে অধিনায়ক নাজমুল হাসান শান্ত, হাসান মাহমুদ, মুশফিকুর রহিমসহ দলের একাধিক ক্রিকেটারের সঙ্গে কথা বলেন তিনি। কলে যুক্ত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালও।

এ সময় ম্যাচে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ক্রিকেটারদের পারফরম্যান্সের প্রশংসা করেন বিসিবি সভাপতি। বিশেষ করে হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজের পাঁচ উইকেট শিকার এবং প্রথম ইনিংসে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরির কথা উল্লেখ করেন তিনি।

একপর্যায়ে প্রধানমন্ত্রীর নিজ জেলা বগুড়ার তানজিদ হাসান তামিমকে এলাকার নামসহ পরিচয় করিয়ে দিতে গেলে বিসিবি সভাপতি তামিমকে প্রধানমন্ত্রী বলেন, ‘বগুড়ার নয়, ও বাংলাদেশের ছেলে। সে বগুড়াকে নয়, বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।’

এ সময় ক্রিকেটারদের শারীরিক অবস্থারও খোঁজ নেন প্রধানমন্ত্রী। দেশের বাইরে থেকে খেলতে গিয়ে সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে তাদের কোনো সমস্যা হচ্ছে কি না, সে বিষয়েও জানতে চান তিনি।

উল্লেখ্য, ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়ে প্রথমবারের মতো দেশটির বিপক্ষে তাদের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টে জয়ের জন্য মাত্র ৫৭ রানের লক্ষ্য পায় টাইগাররা। সেই লক্ষ্য মাত্র এক উইকেট হারিয়ে পেরিয়ে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে নাজমুল হাসান শান্তর দল।

এই বিভাগের অন্য খবর

Back to top button