জাতীয়
প্রধান খবর

নতুন পাসপোর্ট-এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

দেশে ফেরার প্রস্তুতি হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৯ নভেম্বর) লন্ডনভিত্তিক আইনজীবীদের মাধ্যমে ভারতের দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে এ আবেদন করা হয়। ২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে তাঁর প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, আদালতের মুখোমুখি হতে তিনি দেশে ফিরতে চান। তাঁর সহযোগীরাও সোমবার জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করা হবে।

ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।

রয়টার্সের দেখা একটি চিঠি অনুযায়ী, লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বারস’-এর আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।

চিঠিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের পক্ষ থেকে শেখ হাসিনার বর্তমান পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে তাঁর জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

এতে বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোর বাধ্যবাধকতা অনুযায়ী আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

সূত্র: রয়টার্স

এই বিভাগের অন্য খবর

Back to top button