জাতীয়

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনে ব্রিটিশ আইনজীবী প্রতিষ্ঠানের চিঠিতে যা আছে

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। এ বিষয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ হাইকমিশন বরাবর ই-মেইলের মাধ্যমে শেখ হাসিনার পক্ষে এই আবেদন করা হয়।

চিঠিতে শেখ হাসিনার আইনজীবী লিখেছেন, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি পরামর্শদাতা (আইনজীবী) হিসেবে আমার ক্ষমতাবলে এই চিঠি লিখছি। অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক আমাদের মক্কেলের (শেখ হাসিনা) বর্তমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করার খবরের প্রেক্ষিতে আমি আপনাকে আমাদের মক্কেলের জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

ছবি: চ্যানেল ২৪

চিঠিতে আরও বলা হয়, শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং বাংলাদেশের আইন অনুযায়ী প্রযোজ্য বাধ্যবাধকতা ও আন্তর্জাতিক মানবাধিকার সনদের সংশ্লিষ্ট বিধান অনুসারে এই আবেদন করা হয়েছে।

এ বিষয়ে হাইকমিশন আবেদনগুলো পর্যালোচনা করে দ্রুত প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও নথিপত্র সম্পর্কে পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকবেন বলে উল্লেখ করেছেন আইনজীবী। পাশাপাশি আবেদনটি সময়মতো বিবেচনার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

চিঠির শেষাংশে হাইকমিশনের সদয় দৃষ্টি ও সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। ভারতে স্বেচ্ছানির্বাসন শেষ করে বাংলাদেশে ফিরতে তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার উদ্যোগ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে একটি চিঠির সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button