
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ইংলিশ যুবাদের হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলেছে ভারতীয় যুবারা। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৫ বল বাকি থাকতেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়ার যুবারা।
প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংলিশরা। অধিনায়কের সিদ্ধান্তের ভুল প্রমাণেই যেন উঠেপড়ে লাগে জুনিয়র ব্যাটাররা। একের পর এক উইকেট পতনের মুখে পড়ে ইংলিশ দল। ব্যাটিং বিপর্যয়ের মধ্যে মাত্র ১৮৯ রানে গুটিয়ে যায় থ্রী লায়ন্স বাহিনি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ভারতীয় যুবারা। দ্বিতীয় বলেই ইংলিশ পেসার জশুয়া বয়ডেন এর আউট সুইংগার ডেলিভারিতে আলতো খোঁচা মেরে সোজা উইকেট কিপারের হাতে ধরা দেন ওপেনার অঙ্গক্রিশ রঘুবংশী। শুরুর ধাক্কা সামাল দিয়ে ইনিংস গড়তে থাকেন হারনূর সিং এবং শাইখ রাশিদ। ধীর স্থির ব্যাটিংয়ে দুজনে মিলে ১৭.৩ ওভারে দলের খাতায় যোগ করেন ৪৯ রান। জয় থেকে ২৫ রান দূরে থাকতে ৩৫ রান করে আউট হন রাজ বাওয়া। এরপর বাকি কাজটুকু সারেন নিশান্ত সিন্ধু এবং উইকেটকিপার দীনেশ বানা। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান আসে নিশান্ত সিন্ধুর ব্যাট থেকে।
ইংল্যান্ডের হয়ে বয়ডেন, জেমস সালেস এবং থমাস অ্যাস্পিনওয়াল ২ টি করে উইকেট নেন।
ভারতের হয়ে বল হাতে আগুনঝরা বোলিং করেন রবি কুমার ও রাজ বাওয়া। রাজ ৩১ রান খরচায় ৫ উইকেট শিকার করেন। অন্যদিকে রবি ৩৪ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। বাকি এক উইকেট নেন তামবি।
এসএ



