
ধোনির চেন্নাই সুপার কিংসে হারিয়ে আইপিএল মিশন শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে ৬ উইকেটে হারিয়েছে শ্রেয়াস আয়ার শিবির।
আগে ব্যাট করতে নেমে ধোনির ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩১ রান করে চেন্নাই। জবাবে কলকাতা নাইট রাইডার্স ৯ বল হাতে রেখে পৌঁছায় জয়ের বন্দরে। উইকেট হারায় মাত্র ৪টি।
সহজ টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ করে কলকাতার অজিঙ্কা রাহানে ও ভেংক্টেশ আয়ার। ৪৩ রানে এই জুটি ভাঙেন ব্রাভো। ১৬ রান করা আয়ার ক্যাাচ দেন ধোনির হাতে। নিতিশ রানার সাথে তখন এগিয়ে চলেন রাহানে। দলীয় ৭৬ রানে দ্বিতীয় উইকেট পতন। ১৭ বলে ২ চার ও ১ ছক্কায় ২১ রান করে নিতিশ বিদায় নেন ব্রাভোর বলে রাইডুর হাতে ক্যাচ দিয়ে।
ভালো খেলতে থাকা রাহানে ফিফটির আগে ফেরেন সাজঘরে। সান্টনারের বলে জাদেজার হাতে ক্যাচ দেয়ার আগে তিনি করেন ৩৪ বলে ৪৪ রান। তার ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কার মার। ৩ উইকেট হারানো কলকাতাকে তখন জয়ের দিকে নিয়ে যান অধিনায়ক শ্রেয়াস আয়ার ও ইংলিশ অলরাউন্ডার স্যাম বিলিংস।
শেষের দিকে স্যাম বিলিংকে আউট করে ম্যাচে উত্তেজনা আনেন চেন্নাইর ক্যারিবীয় বোলার ব্রাভো। ২১ বলে ২৫ রান করে ফেরেন বিলিংস। কলকাতার রান তখন ১২৩। জয়ের জন্য বাকি কাজটুকু সহজেই সারেন আয়ার ও জ্যাকসনকে সাথে নিয়ে। ২০ বলে ১ চারে ২০ রানে অপরাজিত থাকেন আয়ার। ৩ বলে ৩ রান করেন জ্যাকসন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে চেন্নাইর দুই ওপেনার ফেরেন দ্রুতই। ডেভন কনওয়ে ৩ রান করলেও রানের খাতা খুলতে পারেননি ঋতুরাজ গাইকার্ড। রবিন উথাপ্পা ও আম্বাতি রাইডু হাল ধরেন অনেকটা। উথাপ্পা করেন ২৮ রান, রাইডু ১৫।
চেন্নাইকে এরপর শত রান পার করে মোটামুটি স্কোরে নিয়ে যান নতুন অধিনায়ক রবীন্দ্র জাদেজা ও পুরোনা নেতা মাহেন্দ্র সিং ধোনি। ৫৬ বলে এই জুটি অক্ষত থাকে ৭০ রানে। ৩৮ বলে অপরাজিত ৫০ রানের ঝলমলে ইনিংস খেলেন ধোনি। ৭ চারের পাশাপাশি তিনি হাঁকান ১ ছক্কাও। ১ চারে ২৬ রান করেন জাদেজা।



