ক্রিকেটখেলাধুলা

সুপার ফোর জয় দিয়েই শুরু করলেন শ্রীলংকা

ষোলতম ওভারের শেষ বলটি ছুঁড়েছিলেন আফগান পেসার নাভিন-উল-হক। অফসাইড দিয়ে করা ফুল লেংথের বলটি উড়িয়ে মারতে চেয়েছিলেন ভানুকা রাজাপাকশে। ডিপ কভারে দাঁড়িয়ে থাকা সামিউল্লাহ শেনওয়ারি খুব সহজেই তা তালুবন্দী করতে পারতেন। কিন্তু সেই ক্যাচটাই তিনি ছেড়ে দিলেন।

কথাতেই আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস! সেই ম্যাচের হাওয়া আর নিজেদের পালে নিতে পারলো না আফগানিস্তান। শ্রীলংকার বিপক্ষে তারা হেরে যায় ৪ উইকেটে। সুপার ফোর পর্বটা তাই জয় দিয়েই শুরু করলেন শানাকারা।

আজ টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা। রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ব্যাটে ১৭৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। ৪৫ বলে ৮৪ রানের ঝড়ো একটা ইনিংস খেলেন গুরবাজ। ছয়টি ছক্কা ও চারটি বাউন্ডারিতে সাজানো ছিল তার এই ইনিংসটি। এছাড়া ইব্রাহিম এক ছক্কা ও দুই চারে ৩৮ বলে ৪০ রান করেন।

লংকানদের হয়ে দিলশান মাধুশাঙ্কা দুটি, মহেশ থিকশানা ও আসিথা ফার্নেন্দো একটি করে উইকেট শিকার করেন।বাকি দুটি উইকেট আসে রান-আউট থেকে।

১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেই শুরু থেকেই আগ্রাসী ছিল শ্রীলংকা। কুশল ম্যান্ডিস পাওয়ার প্লেতে চালিয়েছিলেন ব্যাটিং তান্ডব। প্রথম ৬ ওভারে ৫৭ রান সংগ্রহ করে নেয় তারা। যার মধ্যে ৩২ রানই ছিল কুশলের ব্যাট থেকে। ১৯ বলে ৩৬ রান করে আউট হয়ে যান তিনি। পাথুম নিশাঙ্কাও ৩৫ রান করে ফিরে যান। এছাড়া দানুশকা গুনাথিলাকা ৩৩ ও ভানুকা রাজাপাকশে ৩১ রান করে আউট হন।  আসালাঙ্কা ছাড়া বাকি ব্যাটারদের সবার রানই ভূমিকা রেখেছে শ্রীলংকার জয়ে। শেষ পর্যন্ত হাসারাঙ্গার ৯ বলে ১৬ রানের ইনিংসে জয় ছিনিয়ে নিতে বেগ পেতে হয়নি লংকানদের।

আফগানদের হয়ে নাভিন ও মুজিব দুটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন রশিদ খান ও মোহাম্মদ নবি। 

এই বিভাগের অন্য খবর

Back to top button