
পিএসজি তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মরক্কো জাতীয় দলের এই ফুটবলার।
মঙ্গলবার দেওয়া পোস্টে হাকিমি অভিযোগ অস্বীকার করে বলেন, শুধু অভিযোগই যেন আজকাল বিচারের জন্য যথেষ্ট। তার দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি শান্তভাবে বিচারের অপেক্ষায় আছেন এবং আদালতেই সত্য প্রকাশ পাবে বলে বিশ্বাস করেন।
তদন্ত থেকে বিচার
ঘটনাটির সূত্রপাত ২০২৩ সালে। নানতের প্রসিকিউটর দপ্তর এক নারীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। মঙ্গলবার প্রসিকিউটর কার্যালয় নিশ্চিত করেছে, তদন্ত শেষে মামলাটি বিচারের জন্য পাঠানো হয়েছে।
বার্তাসংস্থা এএফপি কে হাকিমির আইনজীবী ফ্যানি কলিন বলেন, মামলাটি মূলত এক নারীর বক্তব্যের ওপর নির্ভরশীল। তার দাবি, অভিযোগকারী তদন্তে সহযোগিতা করেননি; চিকিৎসা পরীক্ষা ও ডিএনএ টেস্টে অস্বীকৃতি জানিয়েছেন, মোবাইল ফোন পরীক্ষার অনুমতি দেননি এবং এক গুরুত্বপূর্ণ সাক্ষীর নাম প্রকাশ করতেও রাজি হননি।
মাঠের লড়াই চলছেই
আইনি জটিলতার মাঝেও মাঠের লড়াইয়ে ব্যস্ত পিএসজি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এর নকআউট পর্বের প্লে-অফের ফিরতি লেগে বুধবার এএস মোনাকোর মুখোমুখি হওয়ার কথা প্যারিসের ক্লাবটির। প্রাথমিক দলে হাকিমির নামও অন্তর্ভুক্ত ছিল।
মামলার পরবর্তী শুনানির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
তথ্যসূত্র: বিডি প্রতিদিন



