ফুটবল
প্রধান খবর

চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ

আসন্ন ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিন্যাস প্লেই-অফের শেষ লড়াই শেষে চূড়ান্ত হয়েছে। শেষ টিকিটের লড়াইয়ে বলিভিয়াকে হারিয়ে নাটকীয়ভাবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইরাক। এর মাধ্যমে ইতিহাসের বৃহত্তম এই আসরে ৪৮টি দলের অংশগ্রহণ এবং ১২টি গ্রুপের চিত্র এখন সম্পূর্ণ পরিষ্কার।

উত্তর আমেরিকার তিন দেশ-যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে।

এবারের বাছাইপর্ব ও প্লেই-অফে বেশ কিছু চমকপ্রদ ফলাফল দেখা গেছে। ইউরোপীয় প্লেই-অফ থেকে বসনিয়া, চেক প্রজাতন্ত্র, তুরস্ক ও সুইডেন মূল পর্বে জায়গা করে নিয়েছে। তবে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। পেনাল্টি শুটআউটে বসনিয়ার কাছে হেরে বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে যায় আজ্জুরিরা।

অন্যদিকে ইন্টার-কনফেডারেশন প্লেই-অফ থেকে কঙ্গো ও ইরাক মূল আসরে জায়গা নিশ্চিত করেছে। দীর্ঘ ৪০ বছর পর বিশ্বকাপে ফিরছে ইরাক, আর ৫২ বছর পর বিশ্বমঞ্চে ফিরছে কঙ্গো।

এবারের আসরে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে চারটি নতুন দল-কুরাসাও, জর্ডান, কেপ ভার্দে ও উজবেকিস্তান।

গ্রুপ বিন্যাসে বেশ কয়েকটি আকর্ষণীয় লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। ‘গ্রুপ আই’-তে বর্তমান রানার্সআপ ফ্রান্সের সঙ্গে রয়েছে সেনেগাল, নরওয়ে ও নবাগত ইরাক।

‘গ্রুপ কে’-তে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল লড়বে কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়ার বিপক্ষে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘গ্রুপ জে’-তে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের মুখোমুখি হবে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ‘গ্রুপ সি’-তে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের সঙ্গে লড়বে। স্বাগতিক তিন দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র যথাক্রমে গ্রুপ এ, বি ও ডি-তে অবস্থান করছে।

বিশ্বকাপের গ্রুপগুলো হলো-
গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র
গ্রুপ বি: কানাডা, বসনিয়া, কাতার, সুইজারল্যান্ড
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, তুরস্ক, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে
গ্রুপ ই: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিসিয়া
গ্রুপ জি: বেলজিয়াম, মিসর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ইরাক
গ্রুপ জে: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ কে: পর্তুগাল, কঙ্গো, উজবেকিস্তান, কলম্বিয়া
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা

নতুন ফরম্যাট এবং নতুন দলগুলোর অংশগ্রহণে ২০২৬ বিশ্বকাপকে ঘিরে ফুটবল বিশ্বে ইতোমধ্যেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। জুন মাসে শুরু হতে যাওয়া এই মহাযজ্ঞের অপেক্ষায় এখন ফুটবলপ্রেমীরা।

সূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button