
১৮ এপ্রিল ফ্রাটন পার্কে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপ ম্যাচে লেস্টার সিটি ১-০ গোলে হেরে যায় পোর্টসমাউথের কাছে। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে বাংলাদেশের বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীকে ঘিরে ঘটে যাওয়া বিতর্কিত ঘটনা।
অভিযোগ উঠেছে, ম্যাচের ৭১তম মিনিটে পরিবর্তনের সময় মাঠ ছাড়ার মুহূর্তে গ্যালারির হোম সমর্থকদের একটি অংশ হামজাকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করে। ঘটনার পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান হামজা। গ্যালারির দিকে ঘুরে প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ সময় রেফারি হস্তক্ষেপ করেন এবং খেলোয়াড়দের নিয়ন্ত্রণে আনতে গিয়ে হামজা চৌধুরীকে হলুদ কার্ড দেখান। পরে তিনি দলের স্টাফদের সঙ্গে কথা বলতে বলতে কিছুটা উত্তেজিত অবস্থায় বেঞ্চে ফিরে যান।
ঘটনার সময় মাঠে থাকা লেস্টারের সহকারী কোচিং স্টাফ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে উত্তেজনা তখনও পুরোপুরি থামেনি।
ম্যাচে পোর্টসমাউথের হয়ে ৬৩তম মিনিটে জয়সূচক গোল করেন ইবানে বোয়াতে। এরপর আর সমতায় ফিরতে পারেনি গ্যারি রাউয়েটের দল। বদলি হিসেবে নামা জর্ডান জ্যামসও দলকে রক্ষা করতে পারেননি।
আগের ম্যাচে বদলি হিসেবে নামার পর এবার শুরুর একাদশে ছিলেন হামজা। কিন্তু মাঠের পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় এসেছে তার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা।
এই হারে চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটির অবস্থান আরও সংকটাপন্ন হয়েছে। ৪৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের ২৩তম স্থানে রয়েছে দলটি। অবনমন এড়াতে শেষ তিন ম্যাচে জয় পাওয়ার পাশাপাশি অন্য দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের। আগামী মঙ্গলবার হাল সিটির বিপক্ষে হারলেই দ্বিতীয় স্তরে অবনমন প্রায় নিশ্চিত হয়ে যাবে।
তথ্যসূত্র: সময় নিউজ



