চার বছরের চুক্তিতে চেলসির কোচ হলেন জাবি আলোনসো

আলোচনাটা শোনা যাচ্ছিল কয়েকদিন ধরেই। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। চেলসির নতুন কোচ হিসেবে দায়িত্ব পেলেন জাবি আলোনসো। চার বছরের চুক্তিতে তাকে নিয়োগ দিয়েছে লন্ডনের ক্লাবটি।
ক্লাবটির অফিশিয়াল ঘোষণায় জানানো হয়, আগামী ১ জুলাই থেকে স্ট্যামফোর্ড ব্রিজে দায়িত্ব শুরু করবেন স্প্যানিশ এই কোচ।
চেলসি এক বিবৃতিতে বলেছে, “চেলসি ফুটবল ক্লাব ম্যানেজার হিসেবে জাবি আলোনসোর নিয়োগ দিতে পেরে আনন্দিত। চার বছরের চুক্তিতে এসেছেন তিনি। চেলসিতে স্বাগত জাবি।”
২০২৫ সালের মে মাসে রিয়াল মাদ্রিদের কোচ হয়েছিলেন আলোনসো। তবে মাত্র আট মাসের মাথায় চলতি বছরের জানুয়ারিতে পারস্পরিক সমঝোতায় দায়িত্ব ছাড়েন তিনি।
এর আগে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনকে বুন্দেসলিগা, ডিএফবি পোকাল ও ডিএফএল সুপার কাপ জিতিয়ে প্রশংসা কুড়ান এই স্প্যানিশ কোচ।
চেলসির দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত আলোনসো। এক বিবৃতিতে তিনি বলেন, “মালিকপক্ষ ও খেলাধুলার নেতৃত্ব পর্যায়ের সঙ্গে আলাপ-আলোচনা করে নিজেদের লক্ষ্য স্থির করেছি। এমন একটি দল গড়তে চাই, যারা ধারাবাহিকভাবে সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং শিরোপার জন্য লড়বে। এই ক্লাবকে নেতৃত্ব দেওয়া আমার জন্য বড় সম্মানের।”
২০২২ সালে ব্লুকো কোম্পানি চেলসির মালিকানা নেওয়ার পর এটি ক্লাবটির পঞ্চম কোচ নিয়োগ। এর আগে গ্রাহাম পটার, মরিসিও পচেত্তিনো, এনজো মারেস্কা ও লিয়াম রোসেনিয়রের পর এবার দায়িত্ব পেলেন আলোনসো।
বর্তমানে কঠিন সময় পার করছে চেলসি। দলটি ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে। এছাড়া সম্প্রতি ম্যানচেস্টার সিটির কাছে এফএ কাপের ফাইনালে হেরেছে তারা।এখন আলোনসোর অধীনে চেলসি কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেটাই দেখার অপেক্ষা।
তথ্যসূত্র: আজকের পত্রিকা


