
বোর্নমাউথ ও ম্যানচেস্টার সিটি ম্যাচের শেষ বাঁশি বাজতেই উৎসবে মেতে ওঠে লন্ডনের লাল অংশ। ২২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৫-২৬ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে আর্সেনাল।
ভাইটালিটি স্টেডিয়ামে গত রাতে বোর্নমাউথের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার সিটি। এই ড্রয়ের ফলেই নিশ্চিত হয়ে যায় আর্সেনালের শিরোপা। ৩৭ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৮২, আর সিটির ৭৮। শেষ ম্যাচ জিতলেও সিটির সর্বোচ্চ পয়েন্ট হবে ৮১। ফলে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়ে যায় গানার্সরা।
২২ বছর পর প্রিমিয়ার লিগ জয়ের আনন্দে নিজেদের অনুশীলন মাঠেই উদযাপন করেছে আর্সেনাল। দলের মিডফিল্ডার ডেকলান রাইস সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমি আপনাদের বলেছিলাম। অবশেষে আমরা পেরেছি।”
২০০৩-০৪ মৌসুমের পর এবারই প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগ জিতল আর্সেনাল। এই সাফল্যের মূল কারিগর কোচ মিকেল আর্তেতা। গত কয়েক মৌসুমে শিরোপার খুব কাছাকাছি গিয়েও ব্যর্থ হয়েছিল দলটি। অবশেষে সেই আক্ষেপ ঘুচল আর্তেতার হাত ধরেই।
একসময় পেপ গার্দিওলা–র সহকারী হিসেবে কাজ করা আর্তেতাকে অভিনন্দন জানিয়ে গার্দিওলা বলেন, “মিকেলকে অভিনন্দন। আর্সেনালকে অভিনন্দন। শিরোপাটা তাদেরই প্রাপ্য।”
২০২৫-২৬ মৌসুমে শিরোপার লড়াই ছিল আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মধ্যে হাড্ডাহাড্ডি। গত রাতে সিটি যদি বোর্নমাউথকে হারাতে পারত, তাহলে চ্যাম্পিয়নের সিদ্ধান্ত গড়াত শেষ ম্যাচ পর্যন্ত।
ম্যাচে প্রথমে গোল করে বোর্নমাউথকে এগিয়ে দেন এলি জুনিয়র ক্রুপি। পরে যোগ করা সময়ে (৯০+৪ মিনিটে) গোল করে সিটিকে সমতায় ফেরান আর্লিং হালান্ড।
ড্রয়ের পর কিছুটা আক্ষেপ ঝরেছে গার্দিওলার কণ্ঠেও। তবে প্রতিদ্বন্দ্বী দলকে কৃতিত্ব দিতে ভোলেননি তিনি। সিটি কোচ বলেন, “আমরা খুব কাছাকাছি ছিলাম। ম্যানচেস্টার সিটির পক্ষ থেকে মিকেল আর্তেতা, স্টাফ, খেলোয়াড় ও সমর্থকদের অভিনন্দন জানাই। তারা এই শিরোপার যোগ্য।”
২০১৯ সালে আর্সেনালের দায়িত্ব নেওয়ার পর সাত বছরে ক্লাবটিকে চারটি শিরোপা এনে দিয়েছেন আর্তেতা। এর আগে ২০১৯-২০ মৌসুমে এফএ কাপ এবং ২০২০ ও ২০২৩ সালে দুটি কমিউনিটি শিল্ড জিতেছিল আর্সেনাল। এবার সেই তালিকায় যুক্ত হলো বহু প্রতীক্ষিত প্রিমিয়ার লিগ শিরোপা।
২০০৩-০৪ মৌসুমে ১৩তম শিরোপা জয়ের পর এবার ১৪তমবারের মতো ইংল্যান্ডের শীর্ষ লিগের চ্যাম্পিয়ন হলো আর্সেনাল।
তথ্যসূত্র: সময় নিউজ
