
রোববার ব্রাইটনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের মৌসুমের শেষ ম্যাচটি হতে যাচ্ছে ব্রুনো ফার্নান্দেজের জন্য বিশেষ এক উপলক্ষ। এই ম্যাচে একটি অ্যাসিস্ট করতে পারলেই প্রিমিয়ার লিগ ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের নতুন রেকর্ড গড়বেন পর্তুগিজ এই মিডফিল্ডার।
বর্তমানে ফার্নান্দেজের অ্যাসিস্ট সংখ্যা ২০। এর মাধ্যমে তিনি ইতোমধ্যে কেভিন ডি ব্রুইনা ও থিয়েরি অঁরির যৌথ রেকর্ডে ভাগ বসিয়েছেন। ব্রাইটনের বিপক্ষে আরও একটি অ্যাসিস্ট করতে পারলে এককভাবে রেকর্ডের মালিক হবেন তিনি।
এরই মধ্যে ব্যক্তিগত অর্জনের খাতায় বড় স্বীকৃতি যোগ হয়েছে ফার্নান্দেজের। শনিবার প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ তাকে ২০২৫-২৬ মৌসুমের সেরা খেলোয়াড় ঘোষণা করেছে। পুরো মৌসুমে তিনি ৮ গোল ও ২০ অ্যাসিস্টসহ মোট ২৮ গোলে অবদান রেখেছেন।
সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে ফার্নান্দেজ পেছনে ফেলেছেন আর্সেনালের গ্যাব্রিয়েল, ডেভিড রায়া ও ডেকলাইন রাইস, ম্যানচেস্টার সিটির আরলিং হল্যান্ড, বোর্নমাউথের অ্যান্তোনিও সেমেনিও, ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো এবং নটিংহ্যাম ফরেস্টের মরগ্যান গিবস-হোয়াইটকে।
ফার্নান্দেজের নেতৃত্বেই দুই মৌসুম পর আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তারা রয়েছে লিগের তৃতীয় স্থানে। শীর্ষে আছে আর্সেনাল এবং দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি।
এর আগে চলতি মাসেই ফার্নান্দেজ জিতেছেন ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও। ম্যানচেস্টার ইউনাইটেডের কোনো খেলোয়াড় হিসেবে ২০১০ সালে ওয়েইন রুনির পর প্রথম এই সম্মান পেলেন তিনি।
তথ্যসূত্র: সময় নিউজ
