
ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে বিশ্বের সবচেয়ে নিচের অবস্থানে রয়েছে সান মারিনো। ২১১তম স্থানে থাকা দলটির বিপক্ষে খেলতে যাচ্ছে ১৮১তম স্থানে থাকা বাংলাদেশ। এই ম্যাচের মধ্য দিয়েই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ থমাস ডুলির অধ্যায় শুরু হচ্ছে।
বাংলাদেশের ফুটবল ইতিহাসে এটি একটি বিশেষ ম্যাচ। কারণ এবারই প্রথম ইউরোপের কোনো দেশের মাটিতে ইউরোপের একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন দল।
তবে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের অভিজ্ঞতা নতুন নয়। এর আগে ২০০১ সালে ভারতের কোচিতে অনুষ্ঠিত নেহরু কাপে ইউরোপের দল বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ২-০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল জর্জ কোটানের শিষ্যরা।
অন্যদিকে বাংলাদেশের মতো সান মারিনোও প্রথমবারের মতো কোনো এশীয় দেশের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে।
ম্যাচটি নিয়ে আশাবাদী বাংলাদেশ দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। তিনি বলেন, “নিঃসন্দেহে তাদের বিপক্ষে ম্যাচ সহজ হবে না। তারা নিয়মিত বড় বড় দলের বিপক্ষে খেলে। তারা শক্তিশালী প্রতিপক্ষ। ইউরোপের মাটিতে এটি আমাদের প্রথম ম্যাচ। সব মিলিয়ে এটি আমাদের জন্য দারুণ একটি অভিজ্ঞতা হবে। আমি খুবই উচ্ছ্বসিত ইউরোপের দল সান মারিনোর বিপক্ষে খেলতে পারব বলে।”
এদিকে ফুটবল ছাড়াও আজ ক্রীড়াঙ্গনে রয়েছে ব্যস্ত সূচি। ফ্রেঞ্চ ওপেনে অনুষ্ঠিত হবে পুরুষদের সেমিফাইনাল ম্যাচ। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে মাঠে গড়াবে ছয়টি ম্যাচ। এছাড়া লর্ডসে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের দ্বিতীয় দিনের খেলাও অনুষ্ঠিত হবে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪