ফুটবল
প্রধান খবর

তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান, জমকালো আয়োজনে পর্দা উঠছে বিশ্বকাপ ২০২৬

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬। ৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম তিনটি স্বাগতিক দেশে আলাদা সময়ে তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় এই আসরের।

যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তিন দেশেই অনুষ্ঠিত হবে পৃথক উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে অংশ নেবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পীরা। সংস্কৃতি, সংগীত ও প্রযুক্তির সমন্বয়ে আয়োজিত এসব অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ।

মেক্সিকোতে প্রথম উদ্বোধনী আয়োজন

বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো। এর আগে রাত ১১টা ৩০ মিনিটে মেক্সিকো সিটি স্টেডিয়ামে শুরু হবে ৯০ মিনিটের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।

মেক্সিকোর ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাডো’ শিল্প এবং আদিবাসী সংস্কৃতির সমন্বয়ে সাজানো হবে অনুষ্ঠান। দেশটির লোকজ ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পকলা তুলে ধরা হবে বিশেষ পরিবেশনার মাধ্যমে।

যেসব তারকা থাকছেন

  • শাকিরা
  • বার্না বয়
  • জে বালভিন
  • মানা
  • বেলিন্ডা
  • ড্যানি ওশান
  • লিলা ডাউনস

কানাডার উদ্বোধনী অনুষ্ঠান

শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে কানাডা। ম্যাচের আগে রাত ১১টা ৩০ মিনিটে টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৯০ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠান।

কানাডার বহুসাংস্কৃতিক পরিচয়, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থাকে কেন্দ্র করে সাজানো হবে অনুষ্ঠান।

যেসব তারকা থাকছেন

  • নোরা ফাতেহি
  • মাইকেল বুবলে
  • জেসি রেয়েজ
  • অ্যালানিস মরিসেত্তে
  • অ্যালেসিয়া কারা
  • এলিয়ানা
  • বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়

যুক্তরাষ্ট্রে তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান

শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচের আগে ভোর ৫টা ৩০ মিনিটে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান।

প্রযুক্তিনির্ভর ভিজ্যুয়াল উপস্থাপনা, গল্পভিত্তিক মঞ্চায়ন এবং আলো-রঙের ব্যতিক্রমী প্রদর্শনী থাকবে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ।

যেসব তারকা থাকছেন

  • কেটি পেরি
  • ফিউচার
  • আনিতা
  • ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা
  • রেমা
  • টাইলা

এক মঞ্চে সংস্কৃতি, সংগীত ও ফুটবলের মিলন

মেক্সিকো সিটি, টরন্টো ও লস অ্যাঞ্জেলেস-তিন শহরের উদ্বোধনী আয়োজনের ধরন ভিন্ন হলেও মূল বার্তা একই। সংস্কৃতি, সংগীত ও ফুটবলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে একসূত্রে গাঁথার বার্তাই তুলে ধরা হবে এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে।

জানা গেছে, তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের প্রযোজনার দায়িত্বে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রযোজক মার্কো বালিচ। এর আগে তিনি অলিম্পিকসহ একাধিক আন্তর্জাতিক ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।

তিন দেশের যৌথ আয়োজন, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং তারকাবহুল পরিবেশনা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলবে বলেই আশা করছেন আয়োজকরা।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button