
বিশ্বকাপ শেষে ব্রাজিলে ফিরেই সমালোচনার মুখে পড়েছিলেন নেইমার। সান্তোসের গুরুত্বপূর্ণ ম্যাচে না খেলে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় ব্যাপক সমালোচনার শিকার হন তিনি। তবে মাঠে ফিরেই জবাব দিলেন নিজের পারফরম্যান্স দিয়ে। শাপকোয়েন্সের বিপক্ষে জোড়া গোল করে দলকে হার এড়াতে সাহায্য করেছেন ব্রাজিলিয়ান তারকা।
গত রাতে ব্রাজিলিয়ান সিরি’আ লিগে শাপকোয়েন্সের মুখোমুখি হয় সান্তোস। অবনমন অঞ্চলে থাকা দলের হয়ে ম্যাচের অচলাবস্থা ভাঙেন নেইমার। সতীর্থের সঙ্গে দারুণ ওয়ান-টু পাস খেলে বক্সের ভেতর থেকে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি।
বিশ্বকাপ চলাকালে সান্তোস কোপা সুদামেরিকানায় খেললেও সে সময় পোকার টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন নেইমার। বিষয়টি নিয়ে সমর্থক ও সংবাদমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। সেই সমালোচনার জবাব যেন প্রথম গোলের উদযাপনেই দেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। গোল করার পর পোকার খেলার ভঙ্গিতে উদযাপন করেন তিনি।
তবে প্রথম গোলের পরও ম্যাচ সহজ ছিল না। শাপকোয়েন্স ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যায়। তখন সান্তোসের হারই যেন সময়ের অপেক্ষা ছিল।
কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে আবারও জ্বলে ওঠেন নেইমার। দ্বিতীয় গোল করে দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকা। বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক পারফরম্যান্সের পর কয়েক সপ্তাহ পর মাঠে ফিরে এটি ছিল তার আবেগঘন প্রত্যাবর্তন।
চোট এবং ফিটনেস-সংক্রান্ত কারণে বিশ্বকাপ চলাকালে নেইমারকে ব্রাজিলেই রেখে দিয়েছিল সান্তোস। এ কারণে তিনি দলের সঙ্গে যাননি।
সমালোচনার জবাবে এর আগে সান্তোসের অনুশীলন মাঠ থেকে এক ভিডিও বার্তায় নেইমার বলেছিলেন, “আমি সকালে অনুশীলন করেছি। ম্যাচে যাইনি, কারণ আমি মাত্রই অনুশীলন শুরু করেছিলাম। পরের দিন আমার ছুটি ছিল।”
সমালোচকদের উদ্দেশে তিনি আরও বলেন, “এখন আমি অনুশীলনের জন্য প্রস্তুত হচ্ছি। আমি কি অনুশীলন করতে পারি, নাকি তোমরা আমাকে সমালোচনা করতেই থাকবে? নিজের কাজে মন দাও।”
শাপকোয়েন্সের বিপক্ষে ম্যাচে কথার বদলে পারফরম্যান্স দিয়েই জবাব দিলেন নেইমার। জোড়া গোলের পাশাপাশি পোকার ভঙ্গিতে উদযাপনের মাধ্যমে সমালোচকদের উদ্দেশে স্পষ্ট বার্তাও দিলেন তিনি। আবারও প্রমাণ করলেন, মাঠের পারফরম্যান্স দিয়েই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরতে জানেন।