ফুটবল
প্রধান খবর

বিশ্বকাপের পর অবসর নিয়ে কোরআন মুখস্থ ও ইমাম হওয়ার ইচ্ছা মাজরাউই’র

২০২৬ বিশ্বকাপের পর পেশাদার ফুটবলকে বিদায় জানিয়ে ধর্মীয় জীবনে বেশি মনোযোগ দিতে চান মরক্কোর তারকা ডিফেন্ডার নুসাইর মাজরাউই। ২৮ বছর বয়সী এই ফুটবলার জানিয়েছেন, তিনি কোরআন মুখস্থ করতে চান এবং ভবিষ্যতে মসজিদের ইমাম হওয়ার স্বপ্ন দেখেন।

গত মার্চে দেওয়া এক সাক্ষাৎকারে মাজরাউই ইঙ্গিত দিয়েছিলেন, ২০২৬ ফিফা বিশ্বকাপই হতে পারে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। তিনি বলেন, “আমি হয়তো বিশ্বকাপের পর অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে পারি। জীবন খুব ছোট। আমি কোরআন মুখস্থ করতে চাই এবং একদিন মসজিদের ইমাম হতে চাই।”

চলমান বিশ্বকাপকে ঘিরে তার সেই মন্তব্য আবারও আলোচনায় এসেছে। যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে অবসরের তারিখ ঘোষণা করেননি, তবে ধর্মীয় শিক্ষায় নিজেকে আরও বেশি সম্পৃক্ত করার পরিকল্পনার কথাই উঠে এসেছে তার বক্তব্যে।

কোরআন সম্পূর্ণ মুখস্থ করা বা হিফজ সম্পন্ন করা দীর্ঘ সময়ের অধ্যবসায় ও নিষ্ঠার বিষয়। পাশাপাশি ইমাম হওয়ার জন্য প্রয়োজন কোরআন ও ইসলামী জ্ঞানের গভীর অধ্যয়ন এবং সমাজে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা।

ফুটবলের বাইরে সাম্প্রতিক সময়ে মাজরাউই ইসলামিক ফিনটেক প্রতিষ্ঠান ‘ওয়াহেদ’-এর সঙ্গেও যুক্ত হয়েছেন। তিনি প্রতিষ্ঠানটির কৌশলগত অংশীদার ও শেয়ারহোল্ডার হিসেবে কাজ করছেন বলে জানা গেছে। বিষয়টি তার ব্যক্তিগত বিশ্বাস ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button