ফুটবল
প্রধান খবর

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো

ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। টানা ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে অনন্য এই রেকর্ড গড়েছেন পর্তুগালের অধিনায়ক।

মঙ্গলবার (২৩ জুন) চলমান বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে মাঠে নামে পর্তুগাল। টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল করে ইতিহাসের পাতায় নিজের নাম আরও উজ্জ্বল করে তোলেন রোনালদো।

বিশ্বকাপে রোনালদোর যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে। সেই আসরে ইরানের বিপক্ষে গোল করে বিশ্বকাপে নিজের গোলের খাতা খুলেছিলেন তিনি। এরপর ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ এবং ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপেও একটি করে গোল করেন।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিকসহ মোট চারটি গোল করেছিলেন রোনালদো। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও গোলের দেখা পান তিনি। আর ২০২৬ বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে গোল করে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার অবিশ্বাস্য কীর্তি গড়লেন এই পর্তুগিজ মহাতারকা।

এদিকে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল পর্তুগাল। ফলে উজবেকিস্তানের বিপক্ষে জয় তুলে নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামে রোনালদোর দল।

৪১ বছর বয়সের কাছাকাছি এসেও সর্বোচ্চ পর্যায়ে নিজের ধারাবাহিকতা ধরে রেখে রোনালদো আবারও প্রমাণ করলেন, তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এবং সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়দের একজন।

এই বিভাগের অন্য খবর

Back to top button