ফুটবল
প্রধান খবর

মেসির জাদুকরী ফ্রি-কিকে ইতিহাস, টানা ৭ বিশ্বকাপ ম্যাচে গোলের বিশ্বরেকর্ড

ফুটবল ইতিহাসের সেই চিরচেনা দৃশ্য-আরও একবার জাদুকরী ফ্রি-কিকে গোল করলেন লিওনেল মেসি। ২০২৬ ফিফা বিশ্বকাপে জর্ডানের বিপক্ষে মাঠে নেমে নতুন এক ইতিহাস গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক।

রোববার (২৮ জুন) ম্যাচের ৬০তম মিনিটে লাওতারো মার্তিনেজের পরিবর্তে মাঠে নামান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ৩৯ বছর বয়সী এই মহাতারকা মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই নিজের চেনা জাদু দেখান।

ম্যাচের শেষ দিকে বক্সের ঠিক বাইরে পাওয়া একটি ফ্রি-কিক থেকে নিখুঁত শটে জর্ডানের জাল কাঁপিয়ে আর্জেন্টিনাকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন মেসি। এই গোলের মাধ্যমে শুধু দলের জয়ই নিশ্চিত করেননি, গড়েছেন বিশ্বকাপ ইতিহাসের অনন্য এক রেকর্ডও।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা ৭টি ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন মেসি। এর আগে টানা ৬ বিশ্বকাপ ম্যাচে গোল করার রেকর্ড ছিল ফ্রান্সের কিংবদন্তি জাস্ট ফন্টেইন (১৯৫৮) এবং ব্রাজিলের জেয়ারজিনহো (১৯৭০)-এর। সেই রেকর্ডে মেসিও ছিলেন যৌথভাবে। জর্ডানের বিপক্ষে গোল করে তিনি এককভাবে রেকর্ডটির মালিক হলেন।

এর আগে ম্যাচের এক ঘণ্টা পার হওয়ার পর কৌশলগত পরিবর্তন আনেন স্কালোনি। গোলদাতা জিওভানি লো সেলসো ও তরুণ নিকো পাজকে তুলে থিয়াগো আলমাদা এবং আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে মাঠে নামান তিনি। তবে ম্যাচের সবচেয়ে বড় মুহূর্তটি এনে দেন বেঞ্চ থেকে নামা অধিনায়ক মেসিই।

জর্ডানের বক্সের বাইরে ফ্রি-কিক পেতেই পুরো মেটলাইফ স্টেডিয়ামে নেমে আসে পিনপতন নীরবতা। পরের মুহূর্তেই মেসির ট্রেডমার্ক বাঁ-পায়ের শটে বল জালে জড়ালে উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনা সমর্থকরা। সেই গোলেই নতুন করে লেখা হলো বিশ্বকাপের ইতিহাস।

এই বিভাগের অন্য খবর

Back to top button