
বিশ্বকাপের শেষ ষোল থেকেই বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ের পর আবেগাপ্লুত হয়ে কেঁদেছিলেন দলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। সেই দৃশ্য বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদেরও নাড়া দিয়েছিল।
বিশ্বকাপের সেই হতাশা কাটতে না কাটতেই এবার আরেকটি ধাক্কা খেলেন ব্রাজিলিয়ান তারকা। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পোকার প্রতিযোগিতা ২০২৬ ওয়ার্ল্ড সিরিজ অব পোকার (WSOP)-এর ১০ হাজার ডলারের মেইন ইভেন্টে অংশ নিলেও প্রথম দিনেই (ডে-১) বিদায় নিতে হয়েছে তাকে।
শনিবার অনুষ্ঠিত টুর্নামেন্টে নেইমারকে পোকার টেবিলে খেলতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতেও তার অংশগ্রহণের দৃশ্য ছড়িয়ে পড়ে। তবে পেশাদার এই প্রতিযোগিতায় এবার তিনি কোনো চমক দেখাতে পারেননি।
অবশ্য ওয়ার্ল্ড সিরিজ অব পোকারে এটি নেইমারের প্রথম অংশগ্রহণ নয়। ২০২৫ সালের আসরে তিনি দারুণ পারফরম্যান্স করে ফাইনাল টেবিল পর্যন্ত পৌঁছেছিলেন। কিন্তু এবার সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে ব্যর্থ হন।
লাস ভেগাসের এই হতাশাজনক ফল এসেছে বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের ঠিক পরপরই। গত ৫ জুলাই শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন নেইমার। চোটে জর্জরিত থাকায় পুরো টুর্নামেন্টে তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাত্র দুটি ম্যাচে মাঠে নামেন। জাতীয় দলের হয়ে তার শেষ গোলটি আসে নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে। তবে সেই গোলও ব্রাজিলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেনি।
পোকারের প্রতি নেইমারের আগ্রহ দীর্ঘদিনের। নিয়মিতই তিনি এই খেলায় অংশ নেন। তবে তার এই শখ অতীতেও সমালোচনার জন্ম দিয়েছে। চলতি বছরের শুরুতে অভিযোগ ওঠে, সান্তোসের একটি ম্যাচে না খেলেও তিনি প্রায় ২৪ ঘণ্টা অনলাইন পোকার খেলায় ব্যস্ত ছিলেন। বিষয়টি ব্রাজিলের ফুটবল মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে এবং তার পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন ওঠে।
বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর পোকার টেবিলেও দ্রুত বিদায়-সব মিলিয়ে ২০২৬ সালের গ্রীষ্মটা নেইমার জুনিয়রের জন্য একের পর এক হতাশার গল্প হয়েই রইল।