ফুটবল
প্রধান খবর

৭৫ মিলিয়ন পাউন্ডে ব্রুনো গিমারায়েসকে দলে ভেড়াল আর্সেনাল

নতুন মৌসুম সামনে রেখে মাঝমাঠ শক্তিশালী করতে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে আর্সেনাল। নিউক্যাসল ইউনাইটেড থেকে ২৮ বছর বয়সী এই মিডফিল্ডারকে চার বছরের চুক্তিতে নিয়েছে লন্ডনের ক্লাবটি। চুক্তিতে আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) এক বিবৃতিতে গিমারায়েসকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আর্সেনাল। তবে চুক্তির আর্থিক অঙ্ক প্রকাশ করেনি ক্লাবটি। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ট্রান্সফার ফি প্রায় ৭৫ মিলিয়ন পাউন্ড।

আর্সেনালে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গিমারায়েস। তিনি বলেন, ‘আমি দারুণ অনুভব করছি এবং এই সুযোগ পেয়ে খুবই খুশি। আন্দ্রেয়া বের্তা ও মিকেল আর্তেতার সঙ্গে প্রথমবার কথা বলার পর থেকেই আমি রোমাঞ্চিত ছিলাম। আমার ভেতর থেকে মনে হচ্ছিল, জীবনে আমার নতুন একটি চ্যালেঞ্জ দরকার। আর আমি বিশ্বাস করি, আর্সেনালের হয়ে খেলা হবে দারুণ এক চ্যালেঞ্জ।’

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের সঙ্গে যোগ দিতে খুবই উচ্ছ্বসিত। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব, এটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আমি আপনাদের যোদ্ধা এবং কখনো হাল ছাড়ব না। আশা করি, আমরা একসঙ্গে অনেক সুন্দর স্মৃতি তৈরি করতে পারব।’

গিমারায়েসকে ধরে রাখতে শুরুতে সর্বোচ্চ চেষ্টা করেছিল নিউক্যাসল। ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ আরও দুই বছর বাকি ছিল। পাশাপাশি তৃতীয় বছর বাড়ানোর সুযোগও ছিল। তবে নতুন চ্যালেঞ্জ নেওয়ার আগ্রহ শেষ পর্যন্ত তাঁর দলবদলের পথ খুলে দেয়।

চলতি গ্রীষ্মের শুরুতেই গিমারায়েস নিউক্যাসল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, উপযুক্ত প্রস্তাব এলে তিনি আর্সেনালে যেতে চান। আর্সেনালের প্রথম প্রস্তাব অবশ্য ফিরিয়ে দিয়েছিল নিউক্যাসল। পরে দুই ক্লাব ৭৫ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে পৌঁছায় এবং আর্সেনাল সেই অর্থ পরিশোধ করে দলবদল সম্পন্ন করে।

গিমারায়েসের বিক্রির ফলে এবারের গ্রীষ্মে খেলোয়াড় বিক্রি থেকে নিউক্যাসলের আয় ২৪০ মিলিয়ন পাউন্ড ছাড়িয়েছে। এর আগে অ্যান্থনি গর্ডন ৬৯.৩ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় এবং সান্দ্রো টোনালি ১০০ মিলিয়ন পাউন্ডে টটেনহ্যামে যোগ দেন। এ ছাড়া ক্লাবটির কোচ এডি হাওয়ের বিদায়ও নিউক্যাসলের সাম্প্রতিক সময়ের বড় পরিবর্তনের অংশ।

নিউক্যাসল জানিয়েছে, ২৮ বছর বা তার বেশি বয়সী কোনো খেলোয়াড়কে বিক্রি করে পাওয়া অর্থের দিক থেকে গিমারায়েসের এই চুক্তি বিশ্বের শীর্ষ ১০-এর মধ্যে রয়েছে। একই সঙ্গে তাঁর বয়স ও পজিশন বিবেচনায় এটি নিউক্যাসলের জন্য রেকর্ড ট্রান্সফার ফি।

২০২২ সালে ফরাসি ক্লাব লিওঁ থেকে ৪০ মিলিয়ন পাউন্ডে নিউক্যাসলে যোগ দিয়েছিলেন গিমারায়েস। ক্লাবটির হয়ে মোট ১৯৫টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ৩১ গোল এবং জিতেছেন ইংলিশ ফুটবল লিগ কাপ।

এই বিভাগের অন্য খবর

Back to top button