
২০১৪ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সে ফুটবল বিশ্বকে মুগ্ধ করা কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ১৫ বছরের দীর্ঘ জাতীয় দল ক্যারিয়ারের ইতি টানার কথা জানান ৩৪ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার।
আবেগঘন বার্তায় রদ্রিগেজ লেখেন, ‘আজ আমি মন থেকে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। অনেক বছর, অনেক ম্যাচ এবং আনন্দ আর কঠিন মুহূর্তগুলোর পর আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করার সময় এসেছে: কলম্বিয়ান জাতীয় দলের সঙ্গে আমার যাত্রা।’
২০১১ সালের অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে কলম্বিয়ার জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হয় রদ্রিগেজের। ওই ম্যাচেই জয়সূচক গোল করেন তিনি। এরপর ধীরে ধীরে জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন এই তারকা।
কলম্বিয়ার হয়ে ১৩১টি আন্তর্জাতিক ম্যাচে ৩১ গোল করেছেন রদ্রিগেজ। পাশাপাশি রয়েছে ৪৩টি অ্যাসিস্ট।
২০১৪ বিশ্বকাপে রদ্রিগেজের পারফরম্যান্স তাকে বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকায় পরিণত করে। পাঁচ ম্যাচে ছয় গোল করে টুর্নামেন্টের গোল্ডেন বুট জেতেন তিনি। শেষ ষোলোতে উরুগুয়ের বিপক্ষে করা তার সেই স্মরণীয় ভলি গোলটি এখনো বিশ্বকাপ ইতিহাসের অন্যতম আলোচিত গোল।
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর রদ্রিগেজের প্রতি আগ্রহ দেখায় রিয়াল মাদ্রিদ। টুর্নামেন্ট শেষ হওয়ার পর স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তিও করেন তিনি।
কলম্বিয়ার হয়ে ২০১৪, ২০১৮ ও ২০২৬ বিশ্বকাপে খেলেছেন রদ্রিগেজ। বিদায়ী বার্তায় জাতীয় দলের জার্সি পরাকে নিজের স্বপ্ন ও একই সঙ্গে বড় দায়িত্ব হিসেবে উল্লেখ করেন তিনি।
রদ্রিগেজ বলেন, ‘এই জার্সি পরা ছিল একটি স্বপ্ন, পাশাপাশি বিশাল দায়িত্বও ছিল। প্রত্যেকবার যখন আমি মাঠে ঢুকতাম, বুঝতে পারতাম আমি শুধু আমার জন্য খেলছি না। আমার পরিবার, সতীর্থ, হাজারো কলম্বিয়ানের জন্য খেলছিলাম, যারা স্বপ্ন দেখত।’
১০ নম্বর জার্সি পরার পাশাপাশি কলম্বিয়ার অধিনায়কের আর্মব্যান্ডও পরেছেন তিনি। এ প্রসঙ্গে রদ্রিগেজ বলেন, ‘সম্মান, দায়িত্ববোধ ও কলম্বিয়ার প্রতিনিধিত্ব করার তাৎপর্য অনুধাবন করে আমি সবসময় এটি করার চেষ্টা করেছি। ভালো দিন যেমন ছিল, খুব কঠিন দিনও ছিল। কিন্তু এই রঙয়ের গর্ববোধ করা কখনও থামাইনি।’
অবসরের ঘোষণার ফলে গত ৭ জুলাই সুইজারল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে যাওয়া শেষ ষোলোর ম্যাচটিই রদ্রিগেজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকল।
২০২৪ কোপা আমেরিকায় তার অধিনায়কত্বে ফাইনালে উঠেছিল কলম্বিয়া। তবে ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হাতছাড়া করে তারা। ওই জয়েই ২৩ বছর পর কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা।
সম্প্রতি কলম্বিয়ান ক্লাব অ্যাতলেটিকো নাসিওনালের সঙ্গে চুক্তি করেছেন রদ্রিগেজ। জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ক্যারিয়ার আরও কিছুদিন চালিয়ে যেতে চান তিনি।
বিদায়ী বার্তায় রদ্রিগেজ বলেন, ‘আমি শান্ত হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি। কারণ আমি সবকিছু উজার করে দিয়েছি। প্রত্যেকটি মুহূর্তের জন্য ধন্যবাদ, ধন্যবাদ কলম্বিয়া।’
তথ্যসূত্র: যমুনা টিভি



