
চলতি মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া কমতে শুরু করবে তাপমাত্রা। আবহাওয়া অধিদফতরের প্রতিমাসের পূর্বাভাসে নভেম্বরের মাসের জন্য দেওয়া প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, প্রতিমাসের মতো এই মাসেও আমরা চলতি মাসের জন্য একটি দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিয়েছি। তাতে বলা হয়েছে, সাগরে নিম্নচাপ থেকে একটি ঘূর্ণিঝড় হতে পারে। এছাড়া ডিসেম্বরের মাঝামাঝি শীতকাল শুরু হলেও এখনই সন্ধ্যার পর তাপমাত্রা কিছুটা কম অনুভূত হচ্ছে। মধ্যরাতের পর কিছু এলাকায় তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে যাচ্ছে। আবার সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে তাপমাত্রা। এই মাস এমন আবহাওয়াই বিরাজ করবে। খুব আস্তে আস্তে কমে আসবে তাপমাত্রা।
আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, নভেম্বর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এই মাসে বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যারমধ্যে ১টি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এই মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। তবে এ মাসে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের প্রধান নদ নদীগুলো স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে।



