আরও বাড়বে গরম

দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে যার ফলে আরও বাড়তে পারে গরম। ইতিমধ্যে তাপমাত্রা বেড়ে ছাড়িয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের তথ্যমতে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আর পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায়। এ অবস্থায় আজ বুধবার (২ মার্চ) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
এছাড়া সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার (১ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শীত কেটে যাওয়ার পর এটাই সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ও ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত পাঁচদিনের আবহাওয়ায় তাপমাত্রা আরও বাড়বে।

