হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ প্রদানের দায়িত্ব পেল ধর্ম মন্ত্রণালয়

হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেওয়ার দায়িত্ব পেয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ বিষয়ে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ (কার্যবিধি) সংশোধন করে রোববার (২৩ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৫৫ (৬) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সংশ্লিষ্ট অংশ অধিকতর সংশোধন করেছেন।
সংশোধন অনুযায়ী, কার্যবিধির শিডিউল-১-এ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে দায়িত্ব বণ্টন-সংক্রান্ত তালিকায় ‘৩৪. মিনিস্ট্রি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স’ শিরোনামের আইটেম নম্বর ২২-এর পর নতুন আইটেম নম্বর ২৩ সংযোজন করা হয়েছে।
নতুন আইটেমে ‘ম্যাটার্স রিলেটিং টু হালাল স্ট্যান্ডার্ড অ্যান্ড সার্টিফিকেশন’ যুক্ত করা হয়েছে।
এর ফলে হালাল পণ্যের মান নির্ধারণ, সনদ প্রদানসহ এ-সংক্রান্ত অন্যান্য কার্যক্রম ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে।
অর্থাৎ, এখন থেকে দেশে হালাল পণ্যের মান ও সনদ সংক্রান্ত কার্যক্রম ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হবে।
তথ্যসূত্র: যমুনা টিভি