পুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ২ হাজার প্রার্থী

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৬-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে প্রাথমিকভাবে ২ হাজার প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে অপেক্ষমাণ প্রার্থীদের তালিকাও।
মঙ্গলবার (৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট ও প্ল্যানিং-২ শাখার এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে ২ হাজার জনকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে।
প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পরবর্তী ধাপে স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে। ঢাকার রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত তারিখ ও সময় যথাসময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রার্থীদের নির্ধারিত মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়েও প্রয়োজনীয় তথ্য জানানো হবে।
ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৬-এর চূড়ান্ত ফল, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ও অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র: চ্যানেল ২৪


