
মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সঙ্গে পণ্যগুলোর উৎপাদন, বিপণন ও বিক্রি সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এসব পণ্য ক্রয় বা গ্রহণ না করার জন্য ভোক্তাদেরও সতর্ক করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
নিষিদ্ধ ঘোষিত পণ্যগুলো হলো-
- ইষ্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’
- ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’
- আরবোটিং ফুড কোম্পানি লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’
বিএফএসএ জানায়, ল্যাবরেটরি পরীক্ষায় এসব খাদ্যপণ্যে মানবদেহের জন্য ক্ষতিকর মাত্রায় প্রিজারভেটিভের উপস্থিতি পাওয়া গেছে, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।
এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের নির্দিষ্ট পণ্য দ্রুত বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব পণ্যের উৎপাদন, সরবরাহ, বিপণন ও বিক্রি অবিলম্বে বন্ধ রাখতে বলা হয়েছে।
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে নির্দেশনাটি তাৎক্ষণিকভাবে কার্যকর করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আরও জানিয়েছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি, নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম অব্যাহত থাকবে। খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: বাংলা টিভি