আদমদিঘী উপজেলা

আদমদীঘিতে তরুণীকে অচেতন করে রাতভর ধর্ষণ!

বগুড়ার আদমদীঘিতে সান্তাহারে বিয়ের প্রলোভনে এক তরুনীকে অচেতন করে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শনিবার সকালে ১৯ বছর বয়সী ভুক্তভোগী তরুণী আদমদীঘি থানায় দুজনকে আসামী করে মামলা দায়ের করেন।

মামলার দুজন আসামী হলেন- সান্তাহার পৌর শহরের পান্নার মোড় এলাকার আব্দুল হাকিমের ছেলে রাজ (২০) ও রাজের খালা একই এলাকার ইতু বেগম (২৫)। মামলার পর থেকেই তারা পলাতক আছেন।

মামলা সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নোয়াখালীর বাসিন্দা ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় রাজের। বৃহস্পতিবার রাজের সঙ্গে দেখা করতে সান্তাহারে আসেন ওই তরুণী। এসময় রাজ তরুণীকে বিয়ের প্রলোভন দেন। পরে একই দিন সন্ধ্যায় রাজ নিজের খালা ইতু বেগমের বাড়িতে তাকে নিয়ে ওঠেন। রাতে ওই তরুণীকে কোমলপানীয় পান করান রাজ। এতে অচেতন হয়ে পড়েন তিনি। এ সুযোগেই রাজ রাতভর তাকে ধর্ষণ করেন।

পরদিন শুক্রবার সকালে ঘুম থেকে উঠে ধর্ষণের বিষয়টি বুঝতে পেরে রাজকে জিজ্ঞাসা করেন ভুক্তভোগী তরুণী। রাজও বিষয়টি স্বীকার করেন। ওই সময় বিয়ের কথা উঠলে তালবাহানা করতে শুরু করেন রাজ। পরে তরুণীকে নিয়ে উপজেলার শখের পল্লী পার্কে যান তারা। সেখানে তরুণীকে মারধর করেন রাজ ও ইতু।

আদমদীঘির সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) রকিব হোসেন জানান, শনিবার সকালে দু’জনের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা হয়েছে। ওই তরুণীর মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button