বগুড়ায় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে ‘তৃপ্তি ট্রেডার্স’ নামক এক ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এক ব্যবসায়ী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বিধান চন্দ্র রায় (৬০) আদমদীঘি উপজেলার পুশিন্দা গ্রামের বাসিন্দা। দেনার দায়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক সূত্রে জানা গেছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিধান এলাকার বিভিন্ন লোকজনকে বাজার দরের চেয়ে কম মূল্যে রড-সিমেন্ট দেবার নাম করে কয়েক লাখ টাকা নেন। নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে না পারায়, পাওনাদাররা টাকার জন্য চাপ দিতে থাকে। একপর্যায়ে ২১ জুন বিধান দোকানের উদ্দেশে বের হয়ে উধাও হয়ে যান। অনেকেই পাওনা টাকার পরিবর্তে বাড়ি থেকে কিছু মালামালও নিয়ে যান বলে তার স্ত্রী শেফালী জানান।
এরপর ২২ জুন রাতে বাড়ি ফেরেন তিনি। তার ফিরে আসার খবর পেয়ে পাওনাদাররা টাকার জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে। একপর্যায়ে রোবাবর ভোর সাড়ে ৪টার দিকে বাড়ি থেকে বেরিযে যাবার পর ছেলে মিহির ৫টার দিকে মুঠোফোনে বাবা বিধানের সাথে কথা বলেন।
মিহির জানান, বাবা মোবাইলফোনে স্বাভাবিক কথাবার্তা বলেছিলেন। পরে এলাকার লোকজন সকাল ১০টার দিকে তৃপ্তি ট্রেডার্সের জানালার ফাঁক দিয়ে দেখতে পায় বিধান সিলিং ফ্যানের রডের সাথে ঝুলে আছেন। এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল তার লাশ উদ্ধার করে।
আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দীন বগুড়া লাইভকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এসএ



