
টেকনাফ উপজেলার দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতঘর থেকে নারী ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ডের দাবি, ওই বাড়িটি মানব পাচারকারীদের একটি আস্তানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
সোমবার (৩০ মার্চ) বিকেলে পরিচালিত এক অভিযানে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে দক্ষিণ লম্বরী এলাকায় একটি বসতবাড়িতে কয়েকজন নারী ও শিশুকে অবৈধভাবে আটকে রেখে সাগরপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতি চলছে।
এরপর কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন সেখানে অভিযান চালায়। তল্লাশির সময় পাচারের উদ্দেশ্যে আটক রাখা নারী ও শিশুসহ মোট ৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। ফলে কাউকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে ওই সাতজনকে টেকনাফের ওই বাড়িতে নিয়ে আসে। সেখান থেকে তাদের সাগরপথে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা ছিল।
উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা-তে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড কর্মকর্তা সাব্বির আলম সুজন বলেন, মানব পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: কালের কণ্ঠ



