
কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২৩ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব মাইজপাড়া এলাকায় মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত জড়ো হয়। খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়।
অভিযান চলাকালে লেফটেন্যান্ট নির্জন একজন ডাকাতকে আটক করলে অন্য ডাকাতরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে লেফটেন্যান্ট নির্জনকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
আলোচিত এ হত্যাকাণ্ডের রায়ে আদালত ৪ জনকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
তথ্যসূত্র: যমুনা টিভি
