ছাত্রলীগের ২ গ্রুপকে কেন্দ্র করে বরগুনায় ১৪৪ ধারা জারি

বরগুনা পৌরসভায় ২১ আগস্ট উপলক্ষে ছাত্রলীগের দুই গ্রুপের শোকসভা কেন্দ্র করে ফের ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রা দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জানানো হয়।
জানা গেছে, বরগুনা জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে রবিবার বিকাল ৩টায় বরগুনা সরকারি কলেজ এলাকায় ২১ আগস্ট উপলক্ষে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিকে একই সময়ে একই স্থানে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সবুজ মোল্লা এবং রাজ আরিয়ান বিশালের নেতৃত্বে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ছাত্রলীগের দুই গ্রুপের একই সময়ে একই স্থানে কর্মসূচি দেওয়ায় সেখানে বিশৃঙ্খলা ও সংঘর্ষ এড়াতে সরকারি কলেজ এলাকাসহ পৌর শহরে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। রবিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এই আদেশ জারি থাকবে।
এর আগে গত ৫ আগস্ট বরগুনায় একই স্থানে জেলা ছাত্রলীগের এই দুই গ্রুপ দোয়া অনুষ্ঠানের আয়োজন করায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করেছিল জেলা প্রশাসন।
পুলিশ জানান, পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশের কয়েকটি দল টহলে রয়েছে।


